রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

চেয়েছিলেন ১৩ লাখ টাকার গাড়ি, ৯ লাখের গাড়ি দেওয়ায় বিয়ে ভেঙে দিলেন পুলিশ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হরিয়ানার সোনিপাতে বিয়ের আসরে গাড়ি নিয়ে বরপক্ষের দাবিকে কেন্দ্র করে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। প্রায় ১৩ লাখ টাকা মূল্যের মারুতি ব্রেজা গাড়ি না পেয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন দিল্লি পুলিশের এক কর্মকর্তা। কনের পরিবার তাঁর জন্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের হুন্দাই অরা গাড়ির ব্যবস্থা করলেও তাতে সন্তুষ্ট হননি বর। শেষ পর্যন্ত বিয়ের আসর থেকেই মাকে সঙ্গে নিয়ে ফিরে যান তিনি।

রবিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ নভেম্বর সোনিপাতের মামচাঁদ বাটিকায় এ ঘটনা ঘটে। বর কুলদীপ দিল্লি পুলিশের এক কর্মকর্তা। কনের বাবা সুভাষ কুমারের অভিযোগ, বিয়ের আগে থেকেই বরপক্ষ গাড়ি ও স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহারের দাবি জানিয়ে আসছিল।

সুভাষ জানান, প্রায় ৬ মাস আগে তাঁর মেয়ে হিনার সঙ্গে কুলদীপের বিয়ে ঠিক হয়। বিয়ের দিন ধার্য করা হয়েছিল ২০ নভেম্বর। বরের জন্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি হুন্দাই অরা গাড়িও বুক করে রেখেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের আগের দিন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানতে পারেন, কুলদীপ ওই গাড়ি নিতে রাজি নন। তাঁর পছন্দ প্রায় ১৩ লাখ টাকা মূল্যের মারুতি ব্রেজা।

এরপর কনের পরিবার আগের গাড়ির বুকিং বাতিল করে ব্রেজা কেনার চেষ্টা করে। তবে বিয়ের সময় ঘনিয়ে আসায় নির্ধারিত সময়ের মধ্যে গাড়িটি জোগাড় করা সম্ভব হয়নি।

কনের বাবার অভিযোগ, শুধু গাড়িই নয়, বরপক্ষের পক্ষ থেকে স্বর্ণালংকার ও অন্যান্য উপহারেরও দাবি জানানো হয়েছিল। বরকে দুই ভরি ওজনের সোনার চেইন, তাঁর মাকে চার ভরি ওজনের সোনার দুল এবং রুপার নূপুর দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল কনের পরিবার। পাশাপাশি বরের বড় ভাই ও ভাবির জন্যও গয়না তৈরির অর্ডার দেওয়া হয়েছিল।

এ ছাড়া বিয়ের জন্য আসবাবপত্র ও অন্যান্য গৃহস্থালি সামগ্রীর ব্যবস্থা করা হয়। শুধু আসবাবপত্র কিনতেই প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা খরচ হয়েছে বলে দাবি করেছেন সুভাষ। বিয়ের আয়োজন ও অন্যান্য খরচ মিলিয়ে তাঁর ব্যয় হয়েছে ২৫ থেকে ৩০ লাখ টাকা।

সুভাষের ভাষ্য অনুযায়ী, বিয়ের দিন মামচাঁদ বাটিকায় প্রায় ১ হাজার ২০০ অতিথির খাবারের আয়োজন করা হয়েছিল। কিন্তু বর কোনো আনুষ্ঠানিক বরযাত্রী নিয়ে আসেননি। সাধারণ পোশাকে শুধু মাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। সেখানে গিয়ে ব্রেজা গাড়ি খুঁজতে শুরু করেন। গাড়িটি না পেয়ে দুই পরিবারের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।

কনের বাবার অভিযোগ, একপর্যায়ে কনের পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন কুলদীপ। হিনার ভাই সাহিলের সঙ্গেও তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। আত্মীয়স্বজনেরা বারবার অনুরোধ করলেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে রাজি হননি বর ও তাঁর মা। পরে তাঁরা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান।

অন্যদিকে, বিয়ের সাজে মণ্ডপে বসে বরের অপেক্ষায় ছিলেন হিনা। কিন্তু শেষ পর্যন্ত বর আর ফিরে আসেননি। কনের বাবার দাবি, বরপক্ষ থেকে মাত্র ২০ থেকে ৩০ জন অতিথি অনুষ্ঠানে এসেছিলেন। বর চলে যাওয়ার পর কনের পক্ষের অনেক অতিথিও খাবার না খেয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় উভয় পক্ষ ১১২ নম্বরে ফোন করে পুলিশকে জানায়। পরে কনের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করে কুলদীপ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সুভাষ আরও জানান, তাঁর মেয়ে হিনা এমএ ও জেবিটি ডিগ্রিধারী। পরিবারের সামর্থ্য অনুযায়ী বিয়ের সব আয়োজন করা হয়েছিল। কিন্তু গাড়ির দাবি পূরণ না হওয়ায় এভাবে বিয়ে ভেঙে যাওয়ায় তাঁরা চরম অপমান ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit