ডেস্ক নিউজ : বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত ‘অভিযান বা হত্যাযজ্ঞের’ আশঙ্কা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিজিবি।
এ ছাড়াও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া, বানোয়াট ও উসকানিমূলক তথ্যও প্রচার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণকে সংঘবদ্ধ হয়ে বিজিবিকে আক্রান্ত করতে প্ররোচিত করা হচ্ছে।
রবিবার বিজিবি জানিয়েছে, প্রচারিত এসব তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী একটি রাষ্ট্রীয় বাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এ অপচেষ্টার প্রতিবাদ জানাচ্ছে বিজিবি। এই অপপ্রচারের মাধ্যমে স্পষ্টত: প্রমাণিত হচ্ছে যে, গোপালগঞ্জের জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করে আরো বেশি ধংসাত্নক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করাই এই গুজবের মুখ্য উদ্দেশ্য।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটে। জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় তথা নাশকতামূলক সকল কর্মকাণ্ড বন্ধ রাখতে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কেউ কোন নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হলে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ বিধি মোতাবেক সকল কার্যক্রম দ্রুততার সাথে গ্রহণ করা হবে। তবে সাধারণ শান্তিকামী জনগণের জন্য এতে আতঙ্কের কিছু নেই মর্মে আশ্বস্ত করা হচ্ছে।
কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ১২:০৭