আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী বেনগাজিতে নৌঘাঁটিতে নোঙর করা একটি রুশ জাহাজে বিস্ফোরণ ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, ড্রোন হামলার কারণে বিস্ফোরণটি ঘটেছে। এতে কয়েকজন আহত হলেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
রোববার (২২ নভেম্বর) লিবিয়ার সামরিক কমান্ডার খলিফা হাফতারের সমর্থিত প্রশাসন জানিয়েছে, প্রাথমিক তদন্তে রুশ জাহাজটির ভেতরে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। ড্রোন দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।
লিবীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুই দেশের সামুদ্রিক সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি রাশিয়ায় ফেরার পথে বেনগাজি বন্দরে থামে। সেখানে জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহ করছিল জাহাজটি। চিকিৎসক সূত্রে জানা গেছে, বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের সংখ্যা ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় রাশিয়ার কর্তৃপক্ষও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, বন্দরের গুদামসহ নৌঘাঁটির স্থাপনাগুলো নিরাপদ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল নিরাপদ করার পর স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ঘটনাটিকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন ও নৌচলাচলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে কর্তৃপক্ষ। দায়ীদের শনাক্ত করা গেলে আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।
এদিকে, ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। তবে বেনগাজির বিস্ফোরণে ইউক্রেন জড়িত কি না, তা নিশ্চিত হয়নি। প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিশেষ বাহিনীর একটি ছোট দল পশ্চিম লিবিয়ার মিসরাতায় অবস্থান করছে। গত এক বছরে রুশ জাহাজে ড্রোন হামলা সমন্বয়ের সঙ্গে দলটির সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হয়।
অন্যদিকে, পৃথক ঘটনায় বাল্টিক সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রুশ পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা টু’-তে আগুন লাগে। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, শনিবারের ওই হামলা ইউক্রেন চালিয়ে থাকতে পারে। জাহাজটির ১৬ নাবিককে অন্য একটি রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের একজন সামান্য আহত হয়েছেন। রোববার দৃশ্যমান আগুন নিভলেও জাহাজটি থেকে ধোঁয়া বের হচ্ছিল।
কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ১২:১০