ডেস্ক নিউজ : গোপালগঞ্জে নিজের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
রোববার (২২ নভেম্বর) বিকালে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় হামলায় জড়িত হিসেবে ১৩ জনের নাম ও পরিচয় প্রকাশের পাশাপাশি আরও তিন থেকে চার শতাধিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুসাদ্দিক বলেন, গত কয়েক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী তার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের হুমকি দিয়ে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বাড়ির ঠিকানা প্রকাশ করে হামলার উসকানি দেওয়া হয়। বাড়িতে অবস্থানরত সবাইকে পুড়িয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
মুসাদ্দিকের ভাষ্য, গত ১৮ নভেম্বর ফজরের কাছাকাছি সময়ে তারা তার বাড়ি মনে করে পাশের একটি বাড়িতে আগুন দেন। ওই বাড়িটি তার ফুপুর। পরে অগ্নিসংযোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হামলাকারীরা উল্লাস করেন বলে অভিযোগ করেন তিনি।
এর পরদিন ১৯ নভেম্বর দুপুরের দিকে দেশীয় অস্ত্র নিয়ে তিন থেকে চার শতাধিক ব্যক্তি তার পৈতৃক বাড়িতে হামলা চালান। এ সময় বাড়ির তিন থেকে চারটি ঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। পাশাপাশি গ্রামের আরও কয়েকটি বাড়িতেও হামলা চালানো হয় বলে জানান তিনি। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বলেও অভিযোগ করেন ডাকসুর এই নেতা।
মুসাদ্দিকের প্রকাশ করা তালিকায় হামলার নির্দেশদাতা হিসেবে রয়েছেন সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভা।
হামলায় জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জনের নাম প্রকাশ করেন মুসাদ্দিক। তারা হলেন—ধোপাদি গ্রামের রানা মীর (পিতা মিরাজ মীর), রওনক মীর (পিতা মিরাজ মীর), তামিম মীর (পিতা মিরজু মীর), রোহান মীর ও রায়হান মীর (পিতা মিরাজ মীর); ঘুনসি গ্রামের রিফাত তালুকদার (পিতা মিরাজ তালুকদার), রোমান শেখ (পিতা নাদিম শেখ), শহিদ তালুকদার (পিতা আছমত তালুকদার), অন্তর মোল্লা (পিতা লুতফার মোল্লা), সাহিদুল মল্লিক (পিতা মোশাররফ মল্লিক) ও মহাসিন শেখ (পিতা মস্ত শেখ); আইকদিয়া গ্রামের মিজানুর রহমান (পিতা আলী মিয়া শেখ) এবং ধোপাদি গ্রামের নাছিম মীর (পিতা মিরজু মীর)।
মুসাদ্দিক বলেন, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য যাচাই করে এসব ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের বাইরে আরও অনেককে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত করে পরবর্তী সময়ে নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
হামলার ঘটনায় এখনো আইনি পদক্ষেপ নিতে পারেননি জানিয়ে মুসাদ্দিক বলেন, তাদের উপজেলা থানা পুড়িয়ে দেওয়ায় সেখানে পুলিশের কার্যক্রম স্বাভাবিক নেই। এ ছাড়া গোপালগঞ্জে পর্যাপ্ত পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন থাকা সত্ত্বেও হামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।
সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি বলেন, এর আগেও শাহবাগ থানার ভেতরে সাংবাদিক ও পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তারা মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। এ কারণে বর্তমান সরকারের কাছে আইনি আশ্রয় চাওয়ার মতো আস্থা তিনি পাচ্ছেন না।
মুসাদ্দিক আরও অভিযোগ করেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের উসকানিতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হচ্ছে। এ বিষয়ে সরকারের ভারতীয় হাইকমিশনকে তলব করে জবাবদিহি চাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে মুসাদ্দিক বলেন, হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত ব্যক্তিদের কেউ পার পাবেন না। তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে গোপালগঞ্জের শান্তিপ্রিয় মানুষের প্রতি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৫৩