রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইউরোপজুড়ে বিক্ষোভের আগুন, এবার কি উত্তাল হচ্ছে যুক্তরাজ্য? গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ডেস্ক নিউজ : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হাতে ‘শত শত পুলিশ সদস্য নিহত’ এবং ‘এক গর্ভবতী নারী পুলিশ সদস্যকে হত্যা’ করার মতো দুটি দাবি আবারও প্রকাশ্যে তুলে ধরেছেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। অথচ দেশি-বিদেশি গণমাধ্যম, স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা এবং দাপ্তরিক নথিপত্রে এই দুটি দাবি আগেই অসত্য ও বিভ্রান্তিকর হিসেবে প্রমাণিত হয়েছে। এমনটাই দাবি করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। 

ভিডিওটির ৫ মিনিট ১৭ সেকেন্ড থেকে ফজলুর রহমানকে বলতে শোনা যায়, ‘আমি বলেছিলাম পুলিশের পক্ষ হয়ে এই যে শাহজাদপুরে পুলিশকে হত্যা করলেন, গর্ভবতীর মাকে মেরে ফেললেন, শত শত থানা পুড়িয়ে দিলেন, হাজার হাজার পুলিশ কোথায় গেল জানি না তবে শত শত পুলিশ নিশ্চিতভাবে নিহত হয়েছে। এই যে কাজটা করলেন পুলিশের মায়ের চোখের পানির কি কোন মূল্য নাই? তারা তো অর্ডারের চাকর।’

তিনি আরও বলেন, ‘থানা পুড়াইয়া দেন পুলিশ মাইরা ফেলেন। আজকে তারই প্রতিফলন আমরা দেখছি টুঙ্গিপাড়ায় চলছে মুকসেদপুরে চলছে। তাহলে শিক্ষাটা কে দিছিল? থানা পুড়াইয়া পুলিশ পুড়াইয়া। তারা (আওয়ামী লীগ) তো পুলিশ অন্তত মারে নাই। আপনারা তো পুলিশ পর্যন্ত পুড়িয়ে দিছেন মাইরা ফেলছেন ঝুলাইয়া রাখছেন।’ 

ওপরের বক্তব্যে ফজলুর রহমানের অন্তত দুটি দাবি ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের প্রতিবেদনে অসত্য বলে প্রমাণিত হয়েছে বলে দাবি দ্য ডিসেন্টের। দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, এর আগে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর ‘দ্য ন্যাশনাল জার্নাল’ নামের একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতেও ফজলুর রহমান একই ধরনের দাবি করেছিলেন। 

নিহত পুলিশের সংখ্যা কত? 

পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যের সংখ্যা ৪৪ জন। ২০২৪ সালের ১৮ আগস্ট পুলিশ সদর দপ্তর প্রথম এই তালিকা প্রকাশ করে। 

পরবর্তীতে ওই বছরের ২৫ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিহত সদস্যদের নাম, পদবি ও কর্মস্থলসহ তালিকাটি পুনরায় প্রকাশ করা হয়। সে সময় পুলিশ সদর দপ্তর স্পষ্ট করে জানায় যে, নিহতের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং এর বাইরে কারও মৃত্যুর প্রমাণ থাকলে তা সরবরাহ করার আহ্বান জানানো হয়।

প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, এর আগে ২০২৪ সালের ১৪ অক্টোবর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছিল যে, ৫ আগস্ট দুপুরের পর থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় হাজারো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার, ফ্যাক্টওয়াচ ও দ্য ডিসেন্টসহ একাধিক ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান যাচাই করে এই দাবিগুলো অসত্য বলে চিহ্নিত করে।

গর্ভবতী নারী পুলিশ হত্যার গুজবের নেপথ্যে

জুলাই আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী পুলিশ সদস্য ছিলেন—এমন একটি দাবি শুরু থেকেই সামাজিক মাধ্যমে ছড়ানো হয়। তবে অনুসন্ধান ও ফ্যাক্ট-চেকিংয়ে দেখা গেছে, ওই হামলায় নিহত ১৫ জন পুলিশ সদস্যের তালিকায় কোনো নারী ছিলেন না।

ওই সময় নারী পুলিশ সদস্য ‘পৃথিবী চাকমা’র ছবি ব্যবহার করে তাকে ‘নিহত গর্ভবতী পুলিশ সদস্য’ হিসেবে প্রচার করা হয়, যদিও তিনি জীবিত ছিলেন এবং ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন।

পরবর্তীতে বিবিসি বাংলার এক ভিডিও প্রতিবেদনে এনায়েতপুর থানায় হামলার শিকার ও বেঁচে যাওয়া এক নারী পুলিশ কনস্টেবলের বক্তব্য উঠে আসে। তিনি জানান, হামলার সময় তাকে বাঁচাতে একজন পুলিশ সহকর্মী ও কয়েকজন স্থানীয় তরুণ হামলাকারীদের বলেছিলেন যে, ‘ওর পেটে বাচ্চা আছে’। মারধরের একপর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে অনেকে তাকে মৃত ভেবেছিলেন। সেখান থেকেই এই গুজবের জন্ম হয়।

এছাড়া পরবর্তীতে ‘ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা আছে’—এমন ক্যাপশন দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একাধিক ভুয়া ছবিও ছড়ানো হয়।

পুরোনো বিতর্ক ও অন্যান্য অসত্য তথ্য

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার সংখ্যা বা প্রেক্ষাপট নিয়ে এর আগেও বিভিন্ন মহলে অসত্য তথ্য প্রচারিত হতে দেখা গেছে। কোথাও তিন হাজার ২০৪ জন, আবার কোথাও দুই থেকে সাড়ে তিন হাজার পুলিশ নিহত বা নিখোঁজ হওয়ার দাবি করা হলেও দাপ্তরিক কোনো ভিত্তি পাওয়া যায়নি। দ্য ডিসেন্ট-এর এক প্রতিবেদনে সাবেক ও বর্তমান কয়েকজন সাংবাদিক ও কলামিস্টের এ সংক্রান্ত বিভ্রান্তিকর দাবির বিষয়টিও তুলে ধরা হয়েছিল।

অন্যদিকে, সংসদ সদস্য ফজলুর রহমানের বিরুদ্ধে আগেও তথ্যগত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। গত ২৮ এপ্রিল জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে ফজলুর রহমান দাবি করেছিলেন যে, ৫ আগস্টের পর শিল্পকলা একাডেমিতে কোনো নাটক, গান বা লালনগীতি হতে পারেনি। যদিও ফ্যাক্ট-চেকিং প্রতিবেদনে উঠে আসে যে, ওই সময়ে শিল্পকলায় নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং লালনের তিরোধান দিবস প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit