ডেস্ক নিউজ : ময়মনসিংহ শহরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে অনশন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।
সোমবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অনশন চলছে। রোববার (৮ নভেম্বর) রাত ১টার পর দুর্বৃত্তরা চত্বরটিতে আগুন দেয়। এতে স্টিলের তৈরি স্মৃতিফলকের অবয়বটি পুড়ে বিবর্ণ হয়ে যায়।
আগুন দেওয়ার ঘটনায় সাগর চত্বরে অবস্থান নিয়ে অনশন করেছে ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান ও জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করছে পুলিশ। আটক ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, দীপাবলির রাত আনুমানিক ১টার দিকে কে বা কারা শহীদ সাগর চত্ত্বরে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ও স্থানীয়রা আগুন নেভায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টার দিকে সিকেঘোষ রোড এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল চলাকালে ধাওয়া-পালটা ধাওয়ার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে আন্দোলনকারীরা তার স্মরণে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করে এবং সেখানে তার ছবি সংবলিত স্টিলের স্মৃতিফলক স্থাপন করা হয়।
কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১২