সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সেনেগালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে অভিবাসীবাহী আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার সময় আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে।  ওই নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, এক সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সেনেগাল প্রেস এজেন্সি (এপিএস)। সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যম বলছে, অভিবাসীদের বহনকারী ছোট আকারের কাঠের ওই নৌকাটি রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় ডুবে যায়। নৌকাটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীরা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন।

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা স্পেনের সংগঠন ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। সংগঠনটি যেসব অভিবাসনপথের ওপর নজর রাখে, সেগুলোর মধ্যে এ পথেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।

সেনেগালের অভিবাসীদের সহায়তাকারী সংগঠন বোজা ফি-এর প্রতিষ্ঠাতা সালিউ দিউফ বার্তাসংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত উদ্ধার হওয়া সব মরদেহই সেনেগালের নাগরিকদের। নৌকায় থাকা অন্যদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে। বিপজ্জনক সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা না করতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এ ধরনের সমুদ্রযাত্রার আয়োজন করা চক্রগুলোকে ভেঙে দিতে তৎপরতা জোরদারের অঙ্গীকারও করেছেন প্রেসিডেন্ট। 

তিনি বলেন, ‘যারা এ ধরনের সমুদ্রযাত্রার আয়োজন করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। পাশাপাশি তরুণদের দেশে থেকেই আশাবাদী হওয়ার মতো সুযোগ তৈরির কাজও চলবে।’

অন্যদিকে এই মর্মান্তিক ঘটনা সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ওয়াকিং বর্ডার্সের হিসাব অনুযায়ী, সংস্থাটির পর্যবেক্ষণ করা সময়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো প্রতি ১০০ জনের বিপরীতে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্পেন যাওয়ার চেষ্টা করা ১৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী আরেকটি নৌকা গত শুক্রবার আটক করেছে সেনেগালের কর্তৃপক্ষ। নৌকাটিতে ২৩ জন নারী, দুটি শিশু এবং আরও দুটি বাচ্চা ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী, যাত্রীদের মধ্যে সেনেগাল, গাম্বিয়া, গিনি-বিসাউ, গিনি ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।

অন্যদিকে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়ে যাওয়ায় গত শনিবার স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী দ্বীপটিতে পৌঁছেছেন।

পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে ক্যানারি দ্বীপপুঞ্জ এখন অভিবাসী ও শরণার্থীদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে।

ইউরোপের দেশগুলোর সঙ্গে উত্তর আফ্রিকার দেশগুলোর সহযোগিতা এবং সীমান্তে কঠোর নজরদারি বাড়ার পর এই পথের গুরুত্ব বেড়েছে। এর ফলে কিছু অভিবাসনযাত্রা মধ্য ভূমধ্যসাগরীয় পথ থেকে আটলান্টিকের দিকে সরে গিয়ে থাকতে পারে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, সেনেগালে কর্মসংস্থানের সীমিত সুযোগ, পারিবারিক চাপ এবং আগে থেকে গড়ে ওঠা অভিবাসন নেটওয়ার্ক—মানুষের দেশ ছাড়ার অন্যতম কারণ।

বিশেষ করে তরুণদের কাছে বিদেশে গিয়ে কাজ পাওয়া ও বেশি আয় করার সম্ভাবনা এখনো বড় আকর্ষণ। যদিও অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় আটলান্টিক পাড়ি দেয়ার ঝুঁকি অনেক বেশি।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit