সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

নির্বাচনে পরাজয়ের কারণ ‘অভিভাসন নীতি ’:ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে যে নীতি নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তা ‘অত্যাধিক কঠোর ছিল’বলে এখন মনে করেন তিনি। তাই মধ্যবর্তী নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টির ভরাডুবির পর এ মন্তব্য করলেন তিনি।

রোববার (৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অবৈধ সীমান্ত পারাপার ব্যাপকভাবে কমিয়ে আনার জন্য তিনি নিজেকে ‘এ প্লাস’ দিতে পারেন। 

তবে ব্যাপক হারে লোকজনকে নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) বিষয়টি রাজনৈতিকভাবে তাঁর জন্য ‘ক্ষতিকর’হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।

ট্রাম্পের এই স্বীকারোক্তি এমন সময়ে এল, যখন তার প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট)  জোর দিয়ে বলছে যে তারা অভিবাসনবিরোধী কঠোর অবস্থান থেকে সরে আসছে না।

নির্বাচনের দিনের বিভিন্ন জনমত জরিপ বলছে, অর্থনীতি এবং দেশের গণতান্ত্রিক পরিবেশের পরেই মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ ইস্যু ছিল অভিবাসন।

টেক্সাসের মতো ঐতিহাসিকভাবে রক্ষণশীল অঙ্গরাজ্যগুলোতে ল্যাটিনো ভোটারদের ডেমোক্র্যাটিক পার্টির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা, কংগ্রেসে ডেমোক্রেটিক পার্টির বড় ধরনের বিজয় নিশ্চিত করতে সহায়তা করেছে।

সিক্সটি মিনিটসকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যুটি তার রিপাবলিকান দলীয় সহকর্মীদের জন্য ‘একই সঙ্গে সহায়ক ও ক্ষতিকর’ ভূমিকা রেখেছে।

“সীমান্ত বন্ধ করার ক্ষেত্রে আমি মনে করি আমি ‘এ প্লাস’ পাওয়ার যোগ্য। মানুষকে দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ক্ষতিকর ব্যক্তিদের সরিয়ে দেওয়ার বিষয়ে আমি উচ্চ মূল্যায়ন পেয়েছি।”

তবে আমার খারাপও লাগে, কারণ আমরা এমন অনেক মানুষকেও সরিয়ে দিয়েছি যাদের ভালো চাকরি ছিল; তাদের একমাত্র অপরাধ বা আইন লঙ্ঘন ছিল যে তারা অবৈধভাবে এই দেশে প্রবেশ করেছিল।

প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয়, এটি (আমার অভিবাসন নীতি) অতিরিক্ত কঠোর ছিল।

ট্রাম্প আরও জানান যে, তিনি মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে নিয়ে অভিবাসন ইস্যুতে কিছু করতে আগ্রহী, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

এক বছর আগে আগে এই সিক্সটি মিনিটস অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ দৃঢ়ভাবে বলেছিলেন, তার প্রশাসনের চালানো অভিবাসনবিরোধী অভিযানগুলো ‘যথেষ্ট কঠোর’ ছিল না।

সেই অবস্থান থেকে প্রায় পুরো উল্টোদিকে ঘুরে রোববারে তার এই নমনীয় বক্তব্য, দিনের শুরুতে বিবিসি-কে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতির সুর থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জোর দিয়ে বিবিসিকে বলেছেন, আমাদের সমাজে আতঙ্ক সৃষ্টিকারী অপরাধী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের ক্ষেত্রে প্রশাসন তাদের কার্যক্রম কোনোভাবেই ধীর করবে না।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস) পক্ষ থেকেও কোনো নীতি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি।

ডিএইচএসের একজন মুখপাত্র বিবিসি-কে বলেন, আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট- মার্কিন অভিবাসন পুলিশ) কোনোভাবেই পিছু হটছে না কিংবা তাদের কার্যক্রম ধীর করছে না।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় নিশ্চিত হওয়ার পর ০৩ নভেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে অবশ্য মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিবাসন কৌশল পরিবর্তনের বিষয়ে কিছুটা ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন।

নির্বাচনী ফলাফলের ওপর লেখা দীর্ঘ এক অনলাইন পোস্টে ভ্যান্স লিখেছিলেন, আমি মনে করি আমাদের প্রয়োগ কৌশলে পরিবর্তন আনা যেতে পারে—যেমন, যারা অবৈধ শ্রমিক নিয়োগ দেয়, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর আরও বেশি নজর দেওয়া যেতে পারে।

তবে, শুক্রবার ট্রাম্প যখন অভিবাসন বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দিলেন, তখন এটি স্পষ্ট হয়ে গেল যে প্রশাসন তাদের কঠোর অবস্থান থেকে সরে আসছে না। ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদে প্রশাসনের কঠোর অভিবাসন নীতির মূল কারিগর হিসেবে স্টিফেন মিলারকে বিবেচনা করা হয়।

আইসিই’র সূত্রগুলো সিবিএসকে জানিয়েছে যে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মকর্তাদের প্রতিদিন প্রায় ২,৭০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে—যা আগের দৈনিক ২,০০০ জন গ্রেপ্তারের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

চলতি বছর চালানো এই কঠোর অভিযানগুলোর প্রতিবাদে শিকাগো, মিনিয়াপোলিস এবং লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে আইসিই-বিরোধী বিক্ষোভ হয়েছে।

মিনিয়াপোলিসে, রেনি গুড এবং অ্যালেক্স প্রেটি নামে যুক্তরাষ্ট্রের দুই বিক্ষোভকারী অভিবাসন বিভাগের এজেন্টদের গুলিতে নিহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit