স্পোর্টস ডেস্ক : ইংলিশ চ্যাম্পিয়নশিপে ওয়্রেক্সহ্যামকে ১-০ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। শুক্রবার (৩০ অক্টোবর) ব্রামল লেনে অনুষ্ঠিত ম্যাচে দলের জয়সূচক একমাত্র গোলটি করেছেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেরেটন দিয়াজ। চলতি মৌসুমে এটিই তার প্রথম গোল।
শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে ধারে তৃতীয়বারের মতো খেলছেন ব্রেরেটন দিয়াজ। তার প্রথমার্ধের গোলে জয় নিশ্চিত করে ক্রিস ওয়াইল্ডারের দল। পাঁচ ম্যাচের মধ্যে এটি তাদের তৃতীয় জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ আটের সঙ্গে ব্যবধান এক পয়েন্টের মধ্যে নিয়ে এসেছে দলটি।
মৌসুমের প্রথম পাঁচ লিগ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়ায় পয়েন্টের ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছে শেফিল্ড। অন্যদিকে আত্মবিশ্বাস ও আক্রমণে ধার হারানো ওস্রেক্সহ্যাম শেষ সাত লিগ ম্যাচের মধ্যে চতুর্থ হারের মুখ দেখেছে।
রিমেমব্র্যান্স দিবস উপলক্ষে ম্যাচ শুরুর আগে ‘দ্য লাস্ট পোস্ট’ বাজানো হয়। গ্যালারিতে উপস্থিত দর্শকেরা যথাযথ সম্মানের সঙ্গে স্মরণানুষ্ঠানে অংশ নেন। এরপর শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা।
জর্ডান আয়ুর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। সিডি পেকের নিচু শট সহজেই ফিরিয়ে দেন ওস্রেক্সহ্যামের গোলরক্ষক অ্যান্থনি প্যাটারসন। মাঝমাঠের খেলোয়াড় কালভিন ফিলিপস চোট পেয়ে চিকিৎসা নিতে মাঠ ছাড়লে কিছু সময়ের জন্য শেফিল্ডের ছন্দে ছেদ পড়ে। তবে সাবেক লিডস মিডফিল্ডার আবার মাঠে ফিরলে স্বস্তি পায় স্বাগতিকরা।
২৪ মিনিটে লুইস ও’ব্রায়েনের দুর্বল শট থেকে প্রথমবারের মতো গোলের চেষ্টা করে ওস্রেক্সহ্যাম। এরপরই এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। অধিনায়ক জাফেট তাঙ্গাঙ্গার পাস থেকে বক্সের ভেতর বল পান আয়ু। তার নিচু শট প্যাটারসন ফিরিয়ে দিলে ফিরতি বলে দ্রুত পা ছুঁইয়ে জালে পাঠান ব্রেরেটন দিয়াজ।
প্রথমার্ধে ওস্রেক্সহ্যাম তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে অবশ্য গোলের একটি সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু শেফিল্ডের ডিফেন্ডার লিয়াম কিচিংয়ের সময়োপযোগী ট্যাকলে অলিয়ে রাখবোনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে আক্রমণে ফেরে ওয়েলশ ক্লাবটি। সাবেক শেফিল্ড ইউনাইটেড স্ট্রাইকার কিফার মুরের একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে স্বাগতিক দর্শকদের দুয়ো শুনতে হয় তাকে।
তবে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেছিল শেফিল্ডও। গোলরক্ষক মাইকেল কুপারের দারুণ লম্বা কিকে বল পেয়ে বক্সের দিকে ছুটে যান আয়ু। তাকে থামাতে পেছন থেকে দ্রুত ছুটে এসে শেষ মুহূর্তে দুর্দান্ত ট্যাকল করেন বেন শিফ।
ম্যাচের ৮৬ মিনিটে ব্রেন্টফোর্ড থেকে ধারে খেলতে আসা শেফিল্ডের তরুণ উইঙ্গার রোমেল ডোনোভানকে তুলে নেন কোচ। মাঠ ছাড়ার সময় তার দৃষ্টিনন্দন কিছু ড্রিবলিংয়ের জন্য গ্যালারি থেকে করতালি পান তিনি। তার বদলি হিসেবে নামা টাইরিস ক্যাম্পবেল কিছুক্ষণ পর বক্সের বাইরে পেককে বল বাড়িয়ে দেন। পেকের নিচু শটও ঠেকিয়ে দেন প্যাটারসন।
যোগ করা ছয় মিনিটে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ওস্রেক্সহ্যাম। তবে বদলি হিসেবে নামা ড্যানি ইমরে কাছ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি; তার শট চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। এরপর স্যাম স্মিথের হেড সরাসরি জমা পড়ে কুপারের হাতে। শেষ পর্যন্ত ব্রেরেটন দিয়াজের প্রথমার্ধের একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড।
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০