স্টাফ রিপোর্টার, নরসিংদী: নরসিংদী সদর উপজেলার কিসমত বানিয়াদি গ্রামে এক প্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তাঁর আপন বোন লায়লা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী শ্যামলা আক্তারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বসতঘর ও সীমানাপ্রাচীর ক্ষতিগ্রস্ত হওয়াসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবারটি।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের আগে নরসিংদী সদর উপজেলার কিসমত বানিয়াদি গ্রামে মৃত আব্দুল মালেকের প্রবাসী ছেলে ওসমানের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওসমানের বোন লায়লা বেগম বহিরাগত লোকজন নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত আব্দুল মালেকের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে এক ছেলে আগেই মারা গেছেন।
বর্তমানে বড় ছেলে লোকমান, ছোট ছেলে প্রবাসী ওসমান এবং মেয়ে লায়লা বেগম জীবিত রয়েছেন। ওসমানের বড় ভাই লোকমান জানান, ২০১৩ সালে তাঁদের বোন লায়লা বেগম ৬ ডেসিমেল বসতভিটার জমি হেবা দলিলের মাধ্যমে ছোট ভাই ওসমানকে হস্তান্তর করেন। তবে জমি হস্তান্তরের পর থেকেই লায়লা বেগম বিভিন্ন সময়ে ওই সম্পত্তির ওপর পুনরায় দাবি জানিয়ে আসছিলেন বলে তিনি জানান। প্রবাসী ওসমানের স্ত্রী শ্যামলা আক্তার জানান, ওই জমিতে তাঁর স্বামী সীমানাপ্রাচীর ও পাকা বসতঘর নির্মাণ করেন।
গত শুক্রবার জুমার নামাজের আগে লায়লা বেগমের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বাধা দিতে গেলে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। শ্যামলা আক্তার বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
আমি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং আদালতে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৫০