সজিব হোসেন নওগাঁ : নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগী ওই গ্রামের সোহেল মণ্ডলের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক সোহেল মণ্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করেন। আজ বিকেলে তিনি জগন্নাথপুর মাঠে আলুর জমি চাষ করতে যাচ্ছিলেন। এ সময় বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরে সোহাগী। পরে মেয়েকে সঙ্গে নিয়ে মাঠে যান তিনি।
সোহেল মণ্ডল জমি চাষ করার সময় মেয়েকে খেতের আইলে বসিয়ে রাখেন। একপর্যায়ে খেত থেকে একটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে যায় শিশুটি। এরপর বাবার কাছে ছুটে যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে যায় সে। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৬,/রাত ৯:০৮