মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৪
Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি; জোনাল স্টাফ অফিসার (জেডএসও) মেজর সামিউল হক; মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু; খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা ও তাসলিমা সিরাজ সীমা; উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দীন আহমেদ; মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল, জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক মো. নুর আলম, পার্বত্য নাগরিক পরিষদের জেলা সভাপতি মো. লোকমান হোসেন, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. জামাল হোসেন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপের সভাপতি দেবাশীষ দত্ত আশীষ এবং ২০১ নম্বর ধলিয়া মৌজার হেডম্যান চাইলাপ্রু চৌধুরী, সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। ছিলেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, শারদীয় দুর্গাপূজা সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের বিকল্প নেই।সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব ছড়িয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, সঠিক তথ্য যাচাই না করে গুজবে কান দিবেননা, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসরক অবহিত করার জন্য আহ্বান জানান। মতবিনিময় সভা শেষে মাটিরাঙ্গা পৌর সভার ৪টি দূর্গাপূজা মন্ডপে জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলেদেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন পিএসসি।