বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের জোরালো প্রচারণাকে খুব একটা ‘কার্যকর’ মনে করছেন না ফ্রান্স ফুটবলের সাবেক সম্পাদক পাসকাল ফেরে। এমনকি সুযোগ থাকলে তিনি নিজেও এবার এমবাপ্পেকে ভোট দিতেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। 

আসন্ন ২৬ অক্টোবর লন্ডনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রদান করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর। বিশ্বজুড়ে প্রখ্যাত ১০০ জন সাংবাদিকের ভোটে নির্ধারিত হয় ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার। এবারের আসরে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০২৬ বিশ্বকাপ—সবকটি বড় আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। এই পারফরম্যান্সের ওপর ভর করে গণমাধ্যমে নিজের পক্ষে বেশ সরব প্রচারণাও চালিয়েছেন তিনি। 

ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছিলেন, ‘বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আসরে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া এবং সব মূল প্রতিযোগিতায় শীর্ষ গোলদাতা হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিহাসকে মূল্য দেওয়া উচিত।’ তবে ১৯৯৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যালন ডি’অর তদারকির দায়িত্বে থাকা পাসকাল ফেরে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পের এই কৌশল নিয়ে দ্বিমত পোষণ করেন। 

তিনি বলেন, ‘আমার মতে ব্যালন ডিঅর এমন কিছু নয় যা চেয়ে পাওয়া যায়, এটা অর্জন করে নিতে হয়। বিচারকরা অত্যন্ত অভিজ্ঞ ও স্বাধীনচেতা, গণমাধ্যমের এসব প্রচারণা তাদের বিচলিত করে না। তাই কিলিয়ানের এই ক্যাম্পেইন খুব একটা কার্যকর হয়েছে বলে মনে হয় না।’ শুধু তা-ই নয়, এবার ভোট দেওয়ার সুযোগ থাকলে তিনি নিজেও এমবাপ্পেকে বেছে নিতেন না বলে জানান ফেরে। দলগত কোনো ট্রফি না থাকাই এর মূল কারণ। 

তিনি যোগ করেন, ‘ক্লাব ফুটবলে বা বিশ্বকাপে কোনো শিরোপা জয় ছাড়া বিশ্বের সেরা খেলোয়াড় হওয়াটা আমার কাছে অদ্ভুত লাগে। ফুটবল মূলত একটি দলীয় খেলা। কোনো ট্রফি না জেতার অর্থ হচ্ছে আপনি দলগতভাবে যথেষ্ট শক্তিশালী ছিলেন না।’ যদি শেষ পর্যন্ত এমবাপ্পে ট্রফিটি জিতেই যান, তবে ২০১৩ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর ক্লাব ফুটবলে কোনো শিরোপা না জিতে ব্যালন ডিঅর পাওয়া প্রথম খেলোয়াড় হবেন তিনি। 

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছিলেন এমবাপ্পে। ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত হলেও দলীয় সাফল্য ছিল না। রিয়াল কোনো শিরোপা জিততে পারেনি। এরপর বিশ্বকাপেও অবশ্য এমবাপ্পে নিজের নামকে আরও উজ্জ্বল করেছেন।

১০ গোল করে জিতেছেন টুর্নামেন্টের গোল্ডেন বুট। তিন বিশ্বকাপ মিলিয়ে তার গোল এখন ২২টি, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। তবে টুর্নামেন্টে ফ্রান্সের শেষটা হয়েছে চতুর্থ হয়ে। উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর ব্যালন ডিঅর-এর সম্ভাব্য বিজয়ীদের তালিকায় সবচেয়ে আলোচিত তিন নাম হ্যারি কেইন, লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit