জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে জেলা শহরের ব্যস্ততম হাড়িভাঙ্গা এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় ৮টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও মামুনুর রশিদ।

প্রশাসন সূত্র জানায়, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনের ফিটনেস যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে হাড়িভাঙ্গা এলাকার এ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় সংলগ্ন রংপুর-বুড়িমারী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকশা এবং মোটরসাইকেলের কাগজপত্র তল্লাশি করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস ও রুট পারমিট না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী ৮টি মামলায় ৮ জন চালক বা মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া রাস্তায় না নামার জন্য চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চালক ও মালিকদের সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে যানবাহন চালানোর আহ্বান জানাচ্ছি। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে চালকদের মধ্যে সচেতনতা বাড়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০