ডেস্ক নিউজ : টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭-এর ঘোষিত তারিখ বিবেচনায় রেখে গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নির্ধারণের অনুরোধ জানিয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ। এ জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি আনুষ্ঠানিক আবেদনপত্র দিয়েছে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্মেলন। বাংলাদেশ যে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান মিলনস্থলে পরিণত হয়েছে, তার নেপথ্যে রয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনা ও দ্বীনি পরিবেশ। আগামী ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আবেদনপত্রে গাজীপুরের স্থানীয় সরকার নির্বাচনের সময় সূচি করার ক্ষেত্রে ইজতেমার ভাবগাম্ভীর্য, আইনশৃঙ্খলা রক্ষা ও সুবিশাল জনসমাগমের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জোর দাবি জানানো হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার নির্বাচন ও ইজতেমার মতো বিশাল আয়োজনের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই দুই পর্বের ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনের সময়সীমা সেভাবেই নির্ধারণ করা প্রয়োজন, যাতে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়।
আবেদনপত্রে কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্বীনি কাজে সহায়তামূলক ভূমিকার প্রশংসা করে দেশ ও আখেরাতের কল্যাণ কামনা করা হয়। বিশ্ব ইজতেমার মতো আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন সফল করতে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/কিকাল ৫:৫৫