স্পোর্টস ডেস্ক : ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে আক্ষেপ প্রকাশ করেছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। তার মতে, ফিটনেস ধরে রাখতে পারলে কোহলি আরও দুই থেকে তিন বছর অনায়াসে টেস্ট ক্রিকেট খেলতে পারতেন। এমনকি ভবিষ্যতে নিজের এই সিদ্ধান্ত নিয়ে আফসোসও করতে পারেন ভারতের সাবেক অধিনায়ক।
কোহলির টেস্ট অবসরের সিদ্ধান্তে হতাশার কথাও জানান কপিল। তিনি বলেন, ‘তার জন্য আমার খারাপ লাগে। সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, আমি জানি না।’তবে বিষয়টিকে পুরোপুরি কোহলির ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তার ভাষায়, ‘সে সবচেয়ে ভালো জানে তার জন্য কোনটা সঠিক। কিন্তু একজন দর্শক এবং সাবেক ক্রিকেটার হিসেবে আমার মনে হয়, তার আরও কিছুদিন টেস্ট ক্রিকেট খেলা উচিত ছিল। কারণ তার সেই সামর্থ্য এখনও রয়েছে।’
কয়েক বছর পর কোহলি নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে পারেন বলেও মন্তব্য করেন কপিল। তিনি বলেন, ‘ভবিষ্যতে সে হয়তো ভাবতে পারে, আরও কিছুদিন টেস্ট খেললে ভালো হতো। যখন আপনি খেলাটাকে ভালোবাসেন এবং খেলার প্রতি গভীর আবেগ থাকে, তখন নিজেকে সামলাতে পারলে অবসর নেওয়ার প্রয়োজন কী?’টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটের পার্থক্যের কথাও তুলে ধরেন কপিল। তার মতে, টেস্ট ক্রিকেটে সফল হতে যে টেকনিক ও ওয়ানডে ক্রিকেটের দক্ষতার সমন্বয় প্রয়োজন, তা কোহলির মধ্যে দারুণভাবে রয়েছে।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:২১