স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা জাস্টিন গ্রেভস।
থিরুভানান্থাপুরামে গত রবিবার সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন গ্রেভস। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিতে ১০৮ বল খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ১০১ রান।
তবে ইনিংসের মাঝেই পেশিতে চোট পান ডানহাতি এই ব্যাটসম্যান। ফলে পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি। চোটের কারণে এবার দ্বিতীয় ওয়ানডে থেকেও ছিটকে গেলেন তিনি।
গ্রেভসের সেঞ্চুরির ওপর ভর করে প্রথমে ব্যাট করে ২৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ৫০ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে বুধবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচটি হবে আগামী শনিবার চণ্ডীগড়ে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ৬ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে টি-টোয়েন্টি সিরিজটি।
কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১০:৩৩