স্পোর্টস ডেস্ক : স্পেনের কাছে হারের পর জয়ে ফিরেছে ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইনের গোলে চেকিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে থমাস টুখেলের দল। মঙ্গলবার রাতে প্রাগে নেশনস লিগের ম্যাচে প্রথমার্ধের মাঝামাঝি স্বাগতিকরা ১০ জনের দলে পরিণত হওয়ায় ইংল্যান্ডের কাজটা আরও সহজ হয়ে যায়।
ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণে এগিয়ে ছিল চেকিয়া। ইংল্যান্ডের রক্ষণেও দেখা যায় কিছুটা অগোছালো ভাব। ম্যাচের শুরুর দিকে পাভেল শুলৎসের প্রচেষ্টা ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। পরে লুকাশ চেরভের ভলি লক্ষ্যভ্রষ্ট হয়।
১৬ মিনিটে গোলের সুযোগ পায় ইংল্যান্ড। মর্গান রজার্সের দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে অ্যান্ডারসন ও বুকায়ো সাকার প্রচেষ্টাও আটকে দেন চেকিয়ার গোলরক্ষক মাতেই কোভার।
২৫ মিনিটে বদলে যায় ম্যাচের চিত্র। অ্যান্ডারসনের ওপর শুলৎসের কঠোর চ্যালেঞ্জের পর ভিএআরের সহায়তা নেন রেফারি উমুত মেলার। শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখান তিনি। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় চেকিয়াকে।
একজন কমে যাওয়ার পর রক্ষণাত্মক হয়ে পড়ে স্বাগতিকরা। অন্যদিকে সাকা, রজার্স ও গর্ডনকে সামনে রেখে আক্রমণ বাড়াতে থাকে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে কেইনের দুর্দান্ত শটও ঠেকিয়ে দেন কোভার।
বিরতির পর অবশ্য আর বেশিক্ষণ ইংল্যান্ডকে আটকে রাখতে পারেনি চেকিয়া। ৪৭ মিনিটে এগিয়ে যায় টুখেলের দল। চেকিয়ার ভুল পাস কেটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। তাঁর নিখুঁত ক্রস নিচু হেডে জালে পাঠান গর্ডন।
গোলের পর আরও চাপে পড়ে চেকিয়া। ইংল্যান্ডের আক্রমণে কার্যকর ভূমিকা রাখেন গর্ডন ও লুইস হল। এক পর্যায়ে হলের বিপজ্জনক ক্রস নিজেদের পোস্টের দিকে ঠেলে দেন লাদিস্লাভ ক্রেইচি।
৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। রজার্সের শট চেকিয়ার রক্ষণে প্রতিহত হওয়ার পর ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোল করেন অধিনায়ক হ্যারি কেইন।
২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইংল্যান্ড। শেষ দিকে কেইনকে তুলে জুড বেলিংহাম, রিও এনগুমোহা ও অভিষেক হওয়া অ্যালেক্স স্কটকে মাঠে নামান টুখেল।
শেষ মুহূর্তে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। তবে চেকিয়ার গোলরক্ষক কোভার একাধিক দুর্দান্ত সেভ করে এজেব্রিচি এজে ও বেলিংহামকে গোলবঞ্চিত করেন।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। স্পেনের কাছে আগের ম্যাচে ৩-২ গোলে হারের পর এই জয় টুখেলের দলের জন্য স্বস্তি এনে দিয়েছে।
কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১০:১৮