দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জে কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রবন্ধ পাঠ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দেবীগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলার মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহিদুল ইসলাম, দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নুরুজ্জামান হালিম এবং নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাদেব চন্দ্র রায়। অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে প্রবন্ধ পাঠ করেন নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তনবিরুজ্জামান রুবেল।
পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা কবি নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:২৮