আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে শব্দের চেয়েও দ্রুতগতির ‘সুপারসনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে রাশিয়া। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফাইনান্সিয়াল টাইমস’-এর একটি প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, উচ্চগতির এই ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় র্যামজেট ইঞ্জিন বানাতে রুশ প্রকৌশলীরা একাধিকবার ইরানে গিয়েছেন। প্রযুক্তিটি পুরোপুরি তৈরি হয়ে গেলে তেহরান খুব সহজেই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীতে হামলা চালাতে পারবে।
রাশিয়ার গোপন নথিপত্র ও সামরিক চুক্তি বিশ্লেষণ করে তৈরি এই রিপোর্ট অনুযায়ী, দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি আদান-প্রদানের ক্ষেত্রে এটি অত্যন্ত বড় ঘটনা।
‘C430L’ নামের এই প্রজেক্টটি ২০২৩ সালে শুরু হয়ে ২০২৬ সাল পর্যন্তও চালু ছিল। এমনকি ইরান যুদ্ধের মুখে পড়ার পরও এই প্রকল্পের কাজ বন্ধ থাকেনি।
সামরিক বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মারাত্মক সংবেদনশীল সামরিক প্রযুক্তি ইরানের হাতে তুলে দিতে ক্রেমলিনের সর্বোচ্চ পর্যায়ের অনুমতির প্রয়োজন ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র সংস্থা বা তাদের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ও ইরানের বন্ধুত্ব অনেক গাঢ় হয়েছে। আগে ইরান রাশিয়াকে ড্রোন দিত, আর এখন রাশিয়া ইরানকে প্রযুক্তিগত ও সামরিক সহায়তা দিচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরাইল।
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:২১