ডেস্ক নিউজ : গাইবান্ধা সদরে ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রউফ মিয়া (৩২) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ মিয়া ওই এলাকার হাফিজাল মিয়ার বড় ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুর রউফ মিয়া পেশায় ভ্যানচালক ও পাশাপাশি কাঠ মিস্ত্রির কাজ করতেন। বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির ঘরের টিনের চালা মেরামত করতে যান। সেখানে পাশের একটি ঘরে টিনের চাল একটি ড্রপতার লিক হয়ে আগে থেকে বিদ্যুতায়িত হয়ে ছিলে। ঘরটির কাজ শেষ করে পাশের ওই ঘরে টিনের চালা ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের টুইয়ে ঝুলে থাকেন আব্দুর রউফ। পরে স্থানীয়রা লাঠি দিয়ে আঘাত করে সেখান থেকে নামালেও তার আগেই মারা যান তিনি। এসময় স্থানীয় বিদ্যুৎকর্মী লিক হওয়া বিদ্যুতের ড্রপতারে কসটেপ পেঁচিয়ে ঝুঁকি মুক্ত করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তির আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১৯