আন্তর্জাতিক ডেস্ক : ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ‘গ্রক বট’-এ বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে এক্সের ব্যক্তিগত বার্তা ব্যবস্থাপনার পাশাপাশি দ্রুত উত্তর দেওয়ার সুবিধা রয়েছে। তবে গ্রক ব্যবহার করে কেনাকাটায় অ্যামাজন বাধা দিচ্ছে—এমন অভিযোগ তুলে ই-কমার্স বাজারে প্রতিষ্ঠানটির বিকল্প আনার কথা ভাবছেন মাস্ক।
এক্সের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, গ্রক বট এখন আগের চেয়ে তিন গুণ দ্রুত কম্পিউটারের কাজ এবং অর্ধেকের কম সময়ে সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের এক্স অ্যাকাউন্ট যুক্ত করে ব্যক্তিগত বার্তা (ডিএম) খোঁজা ও পরিচালনার দায়িত্ব বটটিকে দিতে পারবেন। এ ছাড়া বটের ভয়েস কল সুবিধা ও আগের কথোপকথন মনে রাখার সক্ষমতা আরও উন্নত করা হয়েছে। যুক্ত হয়েছে ই-মেইলের ‘প্লাস এলিয়াস’ সুবিধাও, যার মাধ্যমে নির্দিষ্ট কাজের জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা যাবে।
গ্রকের সঙ্গে রবিনহুড, কয়েনবেস ও ট্রেলোর মতো আর্থিক এবং প্রকল্প ব্যবস্থাপনার সেবা যুক্ত হয়েছে। ভবিষ্যতে আরও সেবা যুক্ত করতে ডেভেলপারদের জন্য ‘কানেক্টর মার্কেটপ্লেস’ উন্মুক্ত করেছে প্ল্যাটফর্মটি। এদিকে, গ্রক দিয়ে পণ্য ফরমাশ বা অর্ডারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অ্যামাজনের বিরুদ্ধে। এর প্রতিক্রিয়ায় ইলন মাস্ক ব্যবহারকারীদের বিকল্প মাধ্যম থেকে কেনাকাটার পরামর্শ দিয়েছেন। এমনকি অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠান চালুরও ইঙ্গিত দিয়েছেন তিনি, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কেনাকাটা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:২৬