স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে ওয়ানডে খেলেছিলেন শানাকা।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে শানাকার পাশাপাশি প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আনক্যাপড লেগস্পিনার সচিন্দু কলম্বাগে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকা পেসার মিলান রত্নায়েকে ও প্রমোদ মধুশান এবার বাদ পড়েছেন।
শানাকার প্রত্যাবর্তনে শ্রীলঙ্কার মিডল অর্ডারে যোগ হচ্ছে অভিজ্ঞতা। ৭১টি ওয়ানডে খেলা এই অলরাউন্ডার ৪৩ ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন।
ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার দুই ফরম্যাটের অধিনায়ক থাকছেন কুশল মেন্ডিস। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই দলেই সহ-অধিনায়ক হিসেবে থাকছেন চারিথ আসালাঙ্কা।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন আসালাঙ্কা। গল গ্ল্যাডিয়েটর্সের শিরোপাজয়ী অভিযানে ৩৮.৫০ গড়ে ৩৮৫ রান করেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৫৩.৩৮, সঙ্গে ছিল চারটি অর্ধশতক।
টি-টোয়েন্টি দলে আরও সুযোগ পেয়েছেন এলপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক লাহিরু উদারা। টুর্নামেন্টে ৪৩৪ রান করা এই ব্যাটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র ম্যাচ ছিল ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে।
এ ছাড়া অলরাউন্ডার জনিথ লিয়ানাগে ও দুই হাতে বল করতে সক্ষম স্পিনার থারিন্দু রত্নায়েকেও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর। সাউদাম্পটন, কার্ডিফ ও ম্যানচেস্টারে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চেস্টার-লে-স্ট্রিট, লিডস ও দ্য ওভালে হবে ওয়ানডের ম্যাচগুলো।
ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহীশ থিকশানা, দুশমন্ত চামিরা, এশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।
টি-টোয়েন্টি দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ থিকশানা, থারিন্দু রত্নায়েকে, দুশমন্ত চামিরা, এশান মালিঙ্গা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্ডো।
কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৫০