দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জে বিধবা নারীর ভাতার টাকা নিজের মোবাইল নম্বর দিয়ে উত্তোলনের ঘটনায় দৈনিক আমার দেশ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ইউপি সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (৩০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়, ইউপি সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে বিধবা ভাতার টাকা উত্তোলনের অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযুক্ত আব্দুল খালেক দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়া আব্দুল খালেক টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সর্বশেষ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে জানা যায়, টেপ্রীগঞ্জ ইউনিয়নের বানেশ্বরপাড়া এলাকার মোছাঃ রহিমা বেগম ২০২০ সালের জুলাই মাসে সর্বশেষ বিধবা ভাতার টাকা উত্তোলন করেন। এরপর থেকে তিনি আর কোনো ভাতার টাকা পাননি।
পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করে জানতে পারেন, ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তার নামে বরাদ্দকৃত বিধবা ভাতার টাকা ০১৯১৭-৩৬৭৪৯২ নম্বরে পাঠানো হয়েছে। অনুসন্ধানে ওই নম্বরে ইউপি সদস্য আব্দুল খালেকের জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলার তথ্য পাওয়া যায়। অফিস সূত্রে জানা যায়, গত ছয় বছরে প্রায় ৪০ হাজার টাকা ওই নম্বরে পাঠানো ও উত্তোলন করা হয়েছে। এদিকে, রোববার দুপুরে ভুক্তভোগী রহিমা বেগমের পক্ষে তার ছেলে মোঃ জহুরউদ্দীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে ভাতার টাকা উদ্ধার করে তার মাকে ফেরত দেওয়ার পাশাপাশি ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে বিধবা ভাতার টাকা উত্তোলনের অভিযোগে প্রকাশিত সংবাদটি প্রশাসনের নজরে এসেছে। এছাড়া ভুক্তভোগীর ছেলে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:৪০