আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিখোঁজ হয়েছেন ৬০ বছর বয়সী এক মার্কিন নারী। তার খোঁজ পেতে এখন সরকারি-বেসরকারিসহ নানা দপ্তরে হন্যে হয়ে ঘুরছে তার পরিবার।
খবর অনুসারে, নেপাল ও তিব্বত সীমান্তের কৈলাস মানসরোবর যাত্রা শেষে ‘ইশা স্যাক্রেড ওয়াকস’-এর একটি দলের সঙ্গে ফিরছিলেন মেরি সোরেনসেন নামের ওই তীর্থযাত্রী। গত ২৬ আগস্ট সকাল ৯টার দিকে তিব্বতের জিরং ইমিগ্রেশন সেন্টারে তাকে শেষবার দেখা যায়। সেখান থেকে কাঠমান্ডু ও দিল্লি হয়ে যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল তার।
কিন্তু ইমিগ্রেশন সেন্টারে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই ঘটে ভয়ংকর বিপত্তি। পাহাড়ের ওপর হিমবাহ ধসে বিশাল এক পাহাড়ি ঢল আছড়ে পড়ে নদী উপত্যকায়। চোখের পলকে ধ্বংস হয়ে যায় জিরং সীমান্ত চৌকিসহ আশপাশের সব অবকাঠামো। বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকার বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা।
বন্যার খবর পেয়ে মেরির ছেলে রাইলি ওয়াইল্ডম্যান এবং পুত্রবধূ লরেন বারবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে শেষমেশ তারা সংবাদমাধ্যম, উদ্ধারকারী দল এবং প্রশাসনের শরণাপন্ন হন। সংবাদমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে রাইলি উভয় সীমান্তের উদ্ধারকর্মী ও কূটনীতিকদের কাছে তার মাকে খুঁজে বের করার আকুতি জানান।
বিপর্যস্ত ওই অঞ্চলে এখনো ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ। তাই জিরং, তিমুরে, স্যাব্রুবেসি বা রাসুওয়া এলাকার কাছাকাছি যারা কাজ করছেন, তাদের কাছে জরুরি তালিকা ও আশ্রয়কেন্দ্রের রেকর্ডগুলো একটু খতিয়ে দেখার বিনীত অনুরোধ জানিয়েছে নিখোঁজ মেরির পরিবার।
কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ৯:১২