আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ঝড় অ্যাডামের প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার প্রবল বৃষ্টিপাত ও বন্যায় বিভিন্ন শহরের রাস্তাঘাট তলিয়ে যায় এবং সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে বুশ-দ্যু-রোন অঞ্চলে একটি ভূগর্ভস্থ কক্ষে ডুবে মারা যাওয়া ৮৬ ও ২৬ বছর বয়সী দুই নারী রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উদ্ধার ও জরুরি তৎপরতা জোরদার করা হয়েছে।
ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকাতেও ভয়াবহ আবহাওয়া আঘাত হেনেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার বন্যার পানির তোড়ে একটি চার চাকার গাড়ি ভেসে যায়। গাড়ির এক আরোহী জানালা দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচলেও অপর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। চতুর্থ মৃত্যুর বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
মন্টপেলিয়ে ও মার্সেইয়ের মধ্যবর্তী মুরিয়েস ও সাঁ-মার্তাঁ-দ্য-ক্রো শহরে বন্যার কারণে কয়েক ডজন বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। ওই এলাকায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বন্যার কারণে ওই অঞ্চলের সড়ক ও রেলপথেও চলাচল ব্যাহত হয়েছে।
বুশ-দ্যু-রোন বিভাগের প্রিফেক্ট জ্যাক উইটকোস্কি বুধবার এক বিবৃতিতে বলেন, “পানির উচ্চতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।”
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলা ও বিভিন্ন সমস্যা সমাধানে নজিরবিহীন মাত্রায় তৎপরতা চালানো হচ্ছে।
ফ্রান্সে নতুন ঝড়ের শঙ্কা
বন্যার ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার মধ্যেই ফ্রান্সে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আটলান্টিক মহাসাগর থেকে এগিয়ে আসা নতুন ঝড় অ্যাস্টেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে।
ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর মেতেও-ফ্রঁস বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের পাঁচটি বিভাগে প্রবল বাতাসের জন্য কমলা সতর্কতা জারি করেছে। বিভাগগুলো হলো কোট-দ্যু-নর, ফিনিস্তের, মরবিহাঁ, ইল-এ-ভিলেন ও মানশ।
স্পেনেও ঝড় অ্যাডামের আঘাতে প্রাণহানি
ঝড় অ্যাডামের প্রভাবে স্পেনের পূর্বাঞ্চলেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ভূমধ্যসাগরীয় উপকূলের বেশ কয়েকটি শহর বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ছাদে আটকে পড়া মানুষকে উদ্ধারে হেলিকপ্টারও মোতায়েন করা হয়।
সোমবার ভ্যালেন্সিয়া অঞ্চলের অলিভা শহরে উদ্ধার অভিযান চালানোর সময় সামরিক জরুরি সেবা ইউনিটের সদস্যরা এক নারীর মরদেহ উদ্ধার করেন।
এর আগে সপ্তাহান্তে আরও দুই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তাদের একজনের মরদেহ পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চলের সাগুনতো শহরের একটি সৈকতে ভেসে আসে। অপর নারী বার্সেলোনার কাছে কাবরেরা দে মার এলাকায় বন্যার পানির তোড়ে ভেসে যান।
মঙ্গলবার ভ্যালেন্সিয়া অঞ্চল সফরকালে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পুনর্গঠন কার্যক্রমে জাতীয় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এদিকে ঝড় অ্যাডামে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় মঙ্গলবার ২ কোটি ৩৫ লাখ ইউরোর একটি তহবিল অনুমোদন করেছে ভ্যালেন্সিয়া আঞ্চলিক সরকার।
ফ্রান্স ও স্পেনে পরপর প্রাণঘাতী বন্যা এবং নতুন ঝড়ের পূর্বাভাসে ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সূত্র: বিবিসি
কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৭