নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এপর্যন্ত এঘটনায় সন্দেহজনক দুই আসামি গ্রেপ্তার হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। আজ বৃহস্পতিবার (২২অক্টোবর) নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) জেলা শাখার সভাপতি সুজাদুল ইসলাম ফারাস ও সাধারণ সম্পাদক এরশাদুল হক জনি’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন – কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জহিরুল ইসলাম।
আরো বক্তব্য দেন – নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.মুখলেছুর খান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী প্রমুখ। এসময় জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে দাঁড়িয়ে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবি করেন। তাঁরা বলেন, একজন সাংবাদিককে হত্যা করা শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্যও গভীর উদ্বেগের বিষয়। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানান অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। তাঁদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। তাই সাংবাদিক হত্যার মতো গুরুতর অপরাধের বিচার দ্রুত নিশ্চিত করা জরুরি। তাঁরা আরও বলেন, এ ঘটনায় ইতোমধ্যে দুই আসামি গ্রেপ্তার হওয়ায় তদন্তে অগ্রগতি হয়েছে বলে আশা করা যায়।
তবে শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িত সব ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার এবং আদালতে অপরাধ প্রমাণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফারুক হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, গ্রেপ্তার আসামিদের যথাযথ বিচারিক প্রক্রিয়ায় শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এ সময় বক্তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানান।
কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৫৪