ডেস্ক নিউজ : সিলেটের বিশ্বনাথ পৌর শহরে সম্প্রতি বেড়েছে দলছুট বন্য বানরের উৎপাত। একসঙ্গে একাধিক বড় বানর খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা হানা দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও ফসলের ক্ষেতে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ক্ষুধার তাড়নায় খাবারের সন্ধানেই বানরগুলো পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সুযোগ পেলেই তারা বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ছে। ছোঁ মেরে নিয়ে যাচ্ছে বিভিন্ন জিনিসপত্র। এতে মানুষের স্বাভাবিক চলাচল ও ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটার পাশাপাশি ফল-ফসল ও বিভিন্ন জিনিসপত্রের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। উপদ্রব থেকে রক্ষা পেতে অনেক ব্যবসায়ী বাঁশের কঞ্চি ও লাঠি ব্যবহার করে বানর তাড়াচ্ছেন। কেউ কেউ গুলতি দিয়েও চেষ্টা করছেন বানর তাড়ানোর।
বিশ্বনাথ পুরানবাজারের ব্যবসায়ী মঈন উদ্দিন বলেন, ‘প্রতিদিনই পৌর শহরের বিভিন্ন স্থানে বানর দেখা যাচ্ছে। হয়তো খাবারের সন্ধানেই তারা এখানে এসেছে। এ অবস্থায় বানরগুলো যাতে মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে না ওঠে এবং কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
এ বিষয়ে কথা হলে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, ‘নানা কারণে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে চলে আসতে পারে বানর। এ ছাড়া বানর অধ্যুষিত এলাকা থেকে মালবাহী গাড়ির ওপর করেও এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। এ ক্ষেত্রে স্থানীয়দের সতর্কতা অবলম্বন করতে হবে। একটা সময় আপনা-আপনিই তারা নিজেদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যাবে।’
কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ৯:৩৪