ডেস্ক নিউজ : সৌদি আরবের মক্কার হেরা সাংস্কৃতিক এলাকায় পবিত্র কোরআন জাদুঘরে তৃতীয় হিজরি শতাব্দীর একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। নবম শতাব্দীর এই ঐতিহাসিক নিদর্শনটি মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টের হলি কোরআন মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে।
প্রদর্শিত পাণ্ডুলিপিটির একটি পাতায় সূরা মারইয়ামের অংশ রয়েছে। পার্চমেন্টে লাল কালিতে লেখা ওই পাণ্ডুলিপিতে কোনো হরকত বা নুকতা নেই। প্রাথমিক যুগের কোরআন লিপির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে।
মিউজিয়াম কর্তৃপক্ষের মতে, পাণ্ডুলিপিটি প্রাথমিক ইসলামী শতাব্দীগুলোতে কোরআন লেখার পদ্ধতি এবং আরবি লিপির বিকাশ সম্পর্কে ধারণা দেয়। দর্শনার্থীরা এর মাধ্যমে কোরআনের লিখিত সংরক্ষণ ও লিপিবদ্ধকরণের প্রাথমিক ধাপগুলো সম্পর্কে জানতে পারছেন।
হিরা কালচারাল ডিস্ট্রিক্টের অন্যতম প্রধান আকর্ষণ হলো হলি কোরআন মিউজিয়াম। এখানে কোরআনের ইতিহাস ও বিভিন্ন জ্ঞান, কোরআন লেখার বিকাশ এবং সংকলনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। আধুনিক প্রদর্শনী হল ও ইন্টার্যাকটিভ প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীদের জন্য কোরআনের ইতিহাস ও প্রাথমিক যুগের পাণ্ডুলিপি সম্পর্কে জানার সুযোগ তৈরি করা হয়েছে।
সূত্র : আরব নিউজ
কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:৩৩