ডেস্ক নিউজ : মানিকগঞ্জ সদরে সিহাব (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মায়ের সঙ্গে অভিমান করে শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ ছিল বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
রবিবার (৯ আগস্ট) সকালে স্থানীয়রা সদরের জাগীর ব্রিজসংলগ্ন এলাকায় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নিহত সিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলী গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাছবাজারে মনির হোসেনের মাছের দোকানে মাছ কাটার কাজ করত।
পরিবারের সদস্যরা জানান, শনিবার নৌকা ভ্রমণে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে টাকা চায় সিহাব। মা টাকা দিতে না পারায় সে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
রবিবার সকাল ৬টার দিকে জাগীর ব্রিজসংলগ্ন এলাকায় সিহাবকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কিউএনবি/অনিমা/০৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১৯