গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নিয়ামুল কবীর উৎসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নোয়াখালী পৌরসভার মধুপুর, দত্তেরহাট, মাইজদী বাজার, আয়কর অফিস এলাকা ও হাপার গোড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে ঘটনাস্থলেই ফায়েক আদনানকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আনোয়ার হোসেন সাদ্দামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার মুসলিম কলোনির আলী আহাম্মদ মিয়া বাড়ির মৃত মাঈন উদ্দিন সোহেলের ছেলে ফায়েক আদনান (৩০) এবং সোনাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার আব্দুল বারেক মিয়ার বাড়ির মৃত রুহলামিনের ছেলে আনোয়ার হোসেন সাদ্দাম (৩৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নিমূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/রাত ১০:৪০