রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম

ইমরান খানের পক্ষে আওয়াজ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তিরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটাররা। কারাগারে যথাযথ চিকিৎসা না পাওয়ায় ইমরান খান তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং শোয়েব আখতারের মতো তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।

গত কয়েক মাস ধরে কার্যত নির্জন কারাবাসে থাকা ৭৩ বছর বয়সী এই নেতার চোখের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে বলে দাবি করেছে তার আইনি দল। আইনজীবীদের অভিযোগ, সরকারি অবহেলার কারণেই ইমরানের স্বাস্থ্যের এই অবনতি ঘটেছে। যদিও সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে।

ইমরান খানকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘অধিনায়কের স্বাস্থ্য নিয়ে এমন খবর শোনা অত্যন্ত হৃদয়বিদারক। আমি আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করবে।’ 

ওয়াকার ইউনিসও একই সুরে কথা বলেছেন। রাজনীতিকে দূরে সরিয়ে রেখে ইমরান খানকে জাতীয় বীর সম্বোধন করে ওয়াকার বলেন, যিনি পাকিস্তানকে খেলাধুলার মাঠে সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং যার গড়া ক্যানসার হাসপাতাল তার নিজের বাবাসহ অসংখ্য মানুষের সেবা করছে, তাকে এভাবে জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা উচিত নয়।

এদিকে সাবেক পেসার শোয়েব আখতারও ইমরানের অসুস্থতার খবরে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, গত তিন মাস ধরে তিনি যুক্তরাষ্ট্রে শওকত খানম হাসপাতালের জন্য তহবিল সংগ্রহ করছেন, আর এর মধ্যেই এই দুঃসংবাদটি তাকে ব্যথিত করেছে। 

সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এবং পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজাও ইমরানের মৌলিক মানবাধিকার ও উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। রমিজ রাজা একে একটি ‘মানবিক সংকট’ হিসেবে অভিহিত করে কর্তৃপক্ষের মানবিকতা দেখার প্রত্যাশা করেছেন। 

পাকিস্তান ছাড়িয়ে এই উদ্বেগের ঢেউ পৌঁছেছে প্রতিবেশী দেশ ভারতেও। সাবেক ভারতীয় ব্যাটার অজয় জাদেজাও পাকিস্তানের ক্রিকেটারদের এই কঠিন সময়ে ইমরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। 

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে আনা একাধিক মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন তার সমর্থকরা।

সূত্র: ইএসপিএন 

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit