স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৩২ রান। তার আগে নিউজিল্যান্ডকে ২৭৮ রানে বেঁধে ফেলে তারা। নিউজিল্যান্ড থেকে এখনও ৪১ রানে পিছিয়ে আছে তারা।
কাঁধে চোট পাওয়ার কারণে এই টেস্ট আর খেলতে পারবেন না আড়াই বছর পর নিউজিল্যান্ড দলে ডাক পাওয়া পেসার টিকনার। যার কারণে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ১০ জন ক্রিকেটার ব্যাটিং করেছেন। কিউইদের প্রথম ইনিংসে মিচেল হে ৬১ এবং ডেভন কনওয়ে ৬০ রান করেন। বাকিরা তেমন ভালো ইনিংস খেলতে পারেননি। কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ ৩৭ রান। তাতে কিউইরা লিড পায় ৭৩ রানের।
এদিকে বল হাতে দারুণ করেছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ৭০ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন অ্যান্ডারসন ফিলিপ, ২ উইকেট পেয়েছেন কেমার রোচ। একটি করে উইকেট তুলে নিয়েছেন সিল, ওজে, গ্রিভস এবং চেজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ২ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ইনিংসের সপ্তম ওভারে রে’র বলে বোল্ড হন ক্যাম্পবেল। তার পরের ওভারেই ডাফির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ফিলিপ। যেহেতু কিউই পেসার টিকনার এই ম্যাচে আর খেলতে পারবেন না, ফলে নিউজিল্যান্ডকে একজন কম নিয়েই ম্যাচের বাকি অংশ খেলতে হবে।
কিউএনবি/খোরশেদ/১১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:০০