স্পোর্টস ডেস্ক : রোববার (৯ নভেম্বর) রাজশাহীতে সিরিজের পঞ্চম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়ে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ১১৭ বলে ১০০ রানের ম্যাচজয়ী ক্যাপ্টেনস নক খেলেছেন তামিম।
গত দুই ম্যাচে লক্ষ্য তাড়া করতে গিয়েই হোঁচট খেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচেই জুজুটা ভালোভাবেই ভর করেছিল যুবাদের ওপর। রাজশাহীর স্পোর্টিং উইকেটে ২০৯ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমেও ৮৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নামা তামিম এক প্রান্ত আগলে ধরে রাখলেও অন্য প্রান্তে উইকেট যাচ্ছিল নিয়মিত বিরতিতে।
ওপেনিংয়ে শাহরিয়ার আহমেদ করেছেন কেবল ৩ রান। ফর্মে থাকা কালাম সিদ্দিকির ব্যাট থেকে আসে ১৫ রান। ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি রিজান হোসেন। ৩৪ বলে ২৭ রান করে আউট হন উজাইরুল্লাহর বলে। গত ম্যাচে ৯৫ রানের ইনিংস খেলা আব্দুল্লাহ ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে পাননি রানের দেখা।
পঞ্চম উইকেটে ফরিদ হাসানকে নিয়ে দলীয় সর্বোচ্চ ৫৪ রানের জুটি গড়েন তামিম। তবে ২৩ রান করে ফরিদের বিদায়ের পর দেবাশীষ দেবা এবং সামিউন বশিরও বিদায় নেন দ্রুত। ১৬১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। উইকেটে প্রসিদ্ধ ব্যাটার বলতে ছিলেন কেবল তামিম।
তবে অষ্টম উইকেটে তামিমকে ভালো সঙ্গ দিয়েছেন শাহরিয়া আল আমিন। ৪৬ রানের জুটিতে শাহরিয়ার অবদান ছিল ১৭ রানের। ভালো সঙ্গ পেয়ে তামিমও ব্যাট চালিয়েছেন ভালোভাবে৷ সেঞ্চুরি করার পর জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হন তামিম। চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান স্বাধীন ইসলাম।
এর আগে ব্যাটিংয়ে নেমে ওসমান সাদাতের ফিফটিতে ২০৮ রানের লড়াকু সংগ্রহ পায় আফগানিস্তান দল। ৪০ রান করেন মাহবুব খান, ৩২ রান আসে উজাইরুল্লাহর ব্যাট থেকে।
কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫৪