জালাল আহমদ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরে : ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণ কে জাগরণের বার্তা দিয়ে শেষ হলো চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আইনজীবীদের ২ দিনব্যাপী লংমার্চ কর্মসূচি। আইনজীবীদের সংগঠন ‘ভয়েস অফ ল’ইয়ার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত লংমার্চ কর্মসূচি গতকাল ৭ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে আজ ৮ নভেম্বর শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ ভারতীয় সীমান্তে গিয়ে শেষ হয়েছে।
ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ পর্যন্ত এই লংমার্চ এর সমর্থনে বিভিন্ন স্থানে আইনজীবী সংগঠন, রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ চোখে পড়েছে।
পথে পথে মানুষের সমর্থন:
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনজীবীদের সংগঠন “ভয়েস অব লইয়ার্স বাংলাদেশ” এই লংমার্চে নেতৃত্ব দেয়। এই লংমার্চ টি গতকাল শুক্রবার সকাল আটটায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে দুপুর সাড়ে এগারোটায় গাজীপুর চৌরাস্তায় গিয়ে থামে। সেখানে পথসভায় বক্তব্য রাখেন গাজীপুর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। গাজীপুরের কাশিমপুর, কালিয়াকৈর উপজেলা এবং টাঙ্গাইলের মির্জাপুর, বাসাইল, কালিহাতি পেরিয়ে যমুনা সেতু অতিক্রম করে বিকেল সাড়ে তিনটার দিকে লংমার্চটি সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে পৌঁছায়।
বিকেল সাড়ে তিনটায় লংমার্চের বহরটি সিরাজগঞ্জে পৌঁছালে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের কে স্বাগত জানান।এ সময় সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিক সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভয়েস অব লইয়ার্স বাংলাদেশের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান, লংমার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অ্যাড. শাহ আহমেদ বাদল, সমন্বয়ক দেলওয়ার হোসেন, তাসমিন রানা,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভারত বাংলাদেশের ৫৪টি নদীতে একতরফাভাবে ইচ্ছেমতো পানি দিচ্ছে আবার বন্ধ করছে। এতে বাংলাদেশ চরম ক্ষতির মুখে পড়েছে। সীমান্তে বিএসএফ প্রতিনিয়ত মানুষ হত্যা করছে। তারা খুনি হাসিনা ও তার দোসরদের সহযোগিতা করছে, আশ্রয় দিয়েছে। পার্বত্য এলাকার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে মদত দিচ্ছে। বক্তারা আরও বলেন, বাণিজ্য ভারসাম্যহীনতা, রাজনৈতিক অবিশ্বাস ও অভ্যন্তরীণ প্রভাব বিস্তার করছে ভারত। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সব ধরনের চক্রান্ত নস্যাৎ করা হবে।
নাটোরে পথসভা: সন্ধ্যা সাতটায় লংমার্চের বহরটি নাটোর শহরের মাদ্রাসা মোড়ে পৌঁছালে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। রাজশাহী কলেজে সাংবাদিকদের সাথে মতবিনিময় : রাত ৮টায় লংমার্চের বহরটি রাজশাহী মহানগরে গিয়ে পৌঁছালে রাজশাহী কলেজের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে আইনজীবীরা।এতে বক্তব্য রাখেন ভয়েস অব লইয়ার্স বাংলাদেশের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান, লংমার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অ্যাড. শাহ আহমেদ বাদল, সমন্বয়ক এডভোকেট দেলওয়ার হোসেন প্রমুখ।
এ সময় আইনজীবীরা বলেন, “কোন ধরনের চুক্তি ছাড়াই গত প্রায় এক যুগ ধরে ৩৭টি স্থানে পাম্প বসিয়ে ফেনী নদী থেকে অবিরাম পানি তুলে নিচ্ছে ভারত। ফেনী নদীর উৎপত্তি বাংলাদেশের অভ্যন্তরে হলেও এই নদীর উপর একক আধিপত্য বিস্তার করে চলেছে তারা। ১৯৭৪ সালে সম্পাদিত ইন্দিরা-মুজিব চুক্তিতে বলা আছে, সীমান্তের শূন্যরেখা হতে উভয় পাশে ১৫০ গজের ভিতরে কেউ কোন স্থায়ী স্থাপনা তৈরি করতে পারবে না। অথচ ভারত সে চুক্তি লঙ্ঘন করে খাগড়াছড়ি জেলার রামগড় এরিয়ায় ফেনী নদীর কূল ঘেঁষে মাত্র ২০ থেকে ৫০ গজের মধ্যে বেআইনীভাবে ৩৭টি পাকা পাম্প হাউজ তৈরি করে পানি তুলে নিচ্ছে। ফলে ফেনী নদী অস্থিত্ব হারাতে বসেছে।”
লংমার্চের উদ্দেশ্যে ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ রাজশাহী শহরে রাত্রিযাপন করেন। আজ সকাল সাড়ে আটটায় চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্দেশ্যে তাদের লংমার্চ শুরু হয় ।
চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ:
আজ ৮ নভেম্বর শনিবার সকাল এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির অফিসে আয়োজিত আলোচনা সভা শেষে শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে “ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশ” এর লংমার্চের সমর্থনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এ সময় বক্তারা অনতিবিলম্বে ফেনী নদীসহ ৫৪টি নদীর পানি স্বাভাবিক প্রবাহে বাঁধা প্রদানের কারণে আন্তর্জাতিক আদালতে মামলার করার ও অনতিবিলম্বে পানি বন্টন সমস্যা সমাধানের জন্য সরকার কে উদ্যোগ নেওয়া আহবান জানান বক্তারা।
সোনামসজিদ সীমান্তে আইনজীবীদের আলোচনা সভা :
দুপুরে একটার দিকে লংমার্চের বহরটি শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদে এসে পৌঁছায় । এ সময় জোহরের নামাজের আগে বীরশ্রেষ্ঠ মহি উদ্দিন জাহাঙ্গীরের কবর জিয়ারত করেন আইনজীবীরা ।
পরে বিকেলে সোনামসজিদ সীমান্তে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আইনজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোঃ গিয়াস উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন ‘ভয়েস অফ ল’ইয়ার্স বাংলাদেশ’ এর আহ্বায়ক ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ- উজ জামান।
পথসভায় এডভোকেট দেলোয়ার হোসেন এর সঞ্চালনায়
বক্তব্য রাখেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য তাসমিন রানা, আশির দশকের জনপ্রিয় ছাত্রনেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ আহমদ বাদল,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসহাক আলী,চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সভাপতি খায়রুল ইসলাম,ব্যারিস্টার গোলাম মোস্তফা তাজ, অ্যাডভোকেট নাছির উদ্দিন সম্রাট, অ্যাডভোকেট মাঈন উদ্দিন ফারুকী, সাংবাদিক জালাল আহমদ, আবদুল্লাহ আল নোমান মজুমদার, আবদুল আলীম,এডভোকেট দেলোয়ার হোসেন,এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট খালেদ সাইফুল্লাহ,
এডভোকেট বেলায়েত হোসেন প্রমুখ ।জাগরণের বার্তা দিয়ে শেষ হলো চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আইনজীবীদের ২দিনব্যাপী লংমার্চ—-
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ৯:২১