ট্রাম্প প্রশাসনের বয়স এখনও এক বছরও হয়নি। এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে পরবর্তী নির্বাচন নিয়ে। পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী কে হতে পারেন- চলছে সেই জল্পনাও। মার্কিন সংবিধান অনুযায়ী, পরপর দুইবার প্রেসিডেন্ট হওয়ার পর কারো তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই।
এরপরও জল্পনা রয়েছে, ট্রাম্প আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। তবে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। উড়িয়ে দিয়েছেন আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার সম্ভাবনা।
তাহলে কে হতে পারেন প্রার্থী? এক্ষেত্রে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ সম্ভাব্য নাম সম্পর্কে আরও জিজ্ঞাসা করা হলে ট্রাম্প জানান, তাদের দু’জনকেই পছন্দ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি অনেক লোককে পছন্দ করি। আমরা একসাথে দু’জনকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারি। একটি দুর্দান্ত বেঞ্চ আছে আমাদের। তাই আমি নির্বাচন নিয়ে কথা বলতে চাই না।’
তবে রুবিও নিজে নয়, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জেডি ভ্যান্সকে এগিয়ে রাখছেন। পলিটিকোর প্রতিবেদন মতে, পররাষ্ট্রমন্ত্রী রুবিওর ঘনিষ্ঠ একজন বলেছেন, ‘রুবিও খুব স্পষ্টভাবে বলেছেন যে জেডি যদি রিপাবলিকান মনোনীত প্রার্থী হতে চান, তাহলে তিনিই হবেন। রুবিও ব্যক্তিগতভাবে ও প্রকাশ্যে এই অনুভূতি প্রকাশ করেছেন।’
পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কথোপকথন প্রকাশ করা নাম প্রকাশে অনিচ্ছুক রুবিওর ঘনিষ্ঠ ওই ব্যক্তি আরও বলেছেন, ‘সেই প্রচেষ্টায় ভাইস প্রেসিডেন্টকে সমর্থন করার জন্য তিনি (রুবিও) যা কিছু করার তা করবেন।’