এম এ রহিম, চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিন ব্যাপী কামিল মাদ্রাসায় এ ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ও যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এ ক্যাম্পের সার্বিক সহযোগীতা করেন।
জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে মাসব্যাপী উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভায় এই ফ্রী ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। ক্যাম্পে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।
মাসব্যাপী এ ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হবে। চক্ষু রোগীদের ফ্রি চশমা ও ছানি অপারেশন করার ব্যবস্থা করা হবে। এছাড়া ৩৯ জনের একটি মেডিকেল টিম বিনামূল্যে ঔষধ প্রদানসহ ব্লাড প্রেসার পরিমাপ, রক্তের গ্রুপিং, ডায়বেটিস পরীক্ষা করে সেবা প্রদান করা হবে। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শহিদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সদস্য চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ বিশ্বাস, যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডাঃ ইমদাদুল হক ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা. নুরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারী ডাঃ জিল্লুর রহমান ও জামায়াত নেতা রোকননুজ্জামান প্রমুখ। এ মেডিকেল ক্যাম্পে শিশু ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকে লম্বা লাইন দিয়ে তাদের অপেক্ষা করতে দেখা যায়। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকসহ ৩৯ জনের একটি মেডিকেল টিম রোগীদের চিকিৎসা সেবা দেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি। তিনি বলেন, এই এলাকার মানুষের সহযোগীতা পেলে পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসায় এই ক্যাম্পিং করা হবে। তিনি বলেন, মানুষের সেবা দেওয়ার জন্য কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই। সকল ধর্ম-বর্ণ, শ্রেনি-পেশার নারী-পুরুষ সেবা পাবার অধিকার রাখেন।
কিউএনবি/আয়শা/১৫ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০০