বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

দাপুটে জয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালে যুবারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে আজ স্বাগতিকদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের বোলিং দাপটে আগে ব্যাট করা জিম্বাবুয়ে স্রেফ ৮৯ রানেই গুটিয়ে যায়। ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করেন আজিজুল হাকিম তামিমরা।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে যখন ৮৯ রানে গুটিয়ে যায়, তখনই ম্যাচের ফল অনেকটা নির্ধারিত হয়ে যায়। ৯০ রানের লক্ষ্যে দলীয় ৫ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। প্রথম ওভারের শেষ বলে ওপেনার রিফাত বেগকে ফেরান জিম্বাবুয়ে পেসার শেল্টন মাজভিতোরেরা। বাংলাদেশের ওপেনার মেরেছেন গোল্ডেন ডাক।

দলীয় ৩৯ রানে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। পঞ্চম ওভারের পঞ্চম বলে কালাম সিদ্দির উইকেটও নিয়েছেন মাজভিতোরেরা। তিন নম্বরে নামা সিদ্দিকি ১৬ বলে ২০ রান করেছেন। বাকি পথ এরপর সহজেই পাড়ি দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ও রিজান হোসেন তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য ৫২ রানের জুটি গড়েন। ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। ৩৭.৪ ওভারের ম্যাচে হয়েছে ১৮০ রান। পড়েছে ১২ উইকেট।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের ইমন নিয়েছেন ৪ উইকেট। ৬.১ ওভারে তিনি খরচ করেন ২৭ রান। স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার পেয়েছেন দুটি করে উইকেট। মোহাম্মদ রাফি উজ্জামান রাফি ও রিজান নিয়েছেন একটি করে উইকেট।

বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সবাই এরই মধ্যে চারটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই দলেরই সমান ৬ পয়েন্ট। অন্যদিকে জিম্বাবুয়ে চার ম্যাচের মধ্যে চারটিতে হেরে এখনো কোনো পয়েন্ট পায়নি। বাকি থাকা দুই ম্যাচ জিতলেও জিম্বাবুয়ে চার পয়েন্টের বেশি পাচ্ছে না। সেকারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উঠে গেছে ফাইনালে। ১০ আগস্ট হারারেতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা।

 

 

কিউএনবি/আয়শা/১ আগস্ট ২০২৫/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit