বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ ও সেবায় হয়রানি *আখাউড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি*

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৭ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ভুয়া উন্নয়ন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ ও নাগরিক সেবায় চরম হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা সাফিকুল ইসলামের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সোমবার (৫ মে) সকাল ১১টা থেকে ধরখার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে টানা দুই ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হুমায়ুন কবির জীবনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জুরু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম আশিক, ইউপি সদস্য ফারুক মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সাফিকুল ইসলাম বিভিন্ন ভুয়া প্রকল্পের নামে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। স্থানীয় ছতুরা আব্দুল খালেক (রহ.) মাজারের ড্রেন নির্মাণ প্রকল্পেও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জাইকার একাধিক প্রকল্প বাস্তবায়ন না করেই টাকা তোলার অভিযোগও ওঠে। এছাড়া, সাধারণ মানুষকে জন্ম নিবন্ধন ও অন্যান্য নাগরিক সেবা পেতে ঘুষ দিতে বাধ্য করতেন তিনি। বক্তারা বলেন, একসময় দিন এনে দিন খাওয়া মানুষটি দুর্নীতির টাকায় এখন ঢাকা ও কুমিল্লায় বাড়ি করেছেন।
বক্তারা অভিযোগ করেন, সাফিকুল ইসলাম অতীতে আওয়ামী লীগের সহায়তায় বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করেছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি। বর্তমানে তিনি বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন, যা নেতাকর্মীরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেন।দুর্নীতিবাজ সাফিকুল ইসলাম এখন আবার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ফেরার পাঁয়তারা করছেন জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাফিকুল ইসলাম পুনরায় চেয়ারম্যান হতে চাইলে ইউনিয়নবাসী তা প্রতিহত করবে এবং তার গ্রেপ্তার দাবি করে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের কিছুদিন পর সাফিকুল ইসলামকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৫, /দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit