ডেস্ক নিউজ : বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পর্যালোচনা ও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন সফররত পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল) ইমরান আহমেদ সিদ্দিকী। বুধবার (৫ মার্চ) ঢাকায় একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন তিনি। এসব বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল পররাষ্ট্রনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।
এছাড়া সংস্কৃতি বিষয়ক সচিব মো. আতাউর রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব। বিশেষ করে সঙ্গীত, সিনেমা, নাটক, যুব বিনিময় এবং জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তারা সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে ইমরানের বৈঠকে উভয় পক্ষ ভ্রমণের সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। এই বৈঠকগুলোর মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ১০:২৮