ডেস্ক নিউজ : জীবনে সফলতার মাপকাঠি আসলে কী? শুধুই কি কাড়ি কাড়ি টাকা আর ক্যারিয়ারের জৌলুস, নাকি দিন শেষে একটু মানসিক শান্তি? নিজের মানসিক শান্তির খোঁজে ২০ লাখ ডলারের (২ মিলিয়ন) বিনিয়োগ ফিরিয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবেক একজন টেক সিইও।
ভারতের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিআইটিএস (BITS) পিলানি থেকে স্নাতক পাসের পর মাত্র ২৩ বছর বয়সে একটি টেক স্টার্টআপ প্রতিষ্ঠা করেছিলেন অদিতি সিনহা। বিশ্বজুড়ে গ্রাহক, ৩০ জনের কর্মীদল এবং ৫০ লাখ ডলারের তহবিল—সব মিলিয়ে প্রতিষ্ঠানটি বেশ সফল ছিল। কিন্তু বাইরে থেকে সবকিছু নিখুঁত মনে হলেও, ভেতরে ভেতরে মারাত্মক মানসিক ক্লান্তি বা ‘বার্নআউট’-এ ভুগছিলেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে নিজের এই অভিজ্ঞতা তুলে ধরেন অদিতি। তিনি জানান, স্টার্টআপ থেকে সরে দাঁড়ানোটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন, তবে অত্যন্ত প্রয়োজনীয় একটি সিদ্ধান্ত। তিনি এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন, যেখানে ক্যারিয়ারের সফলতার সঙ্গে তার ব্যক্তিগত সুস্থতার কোনো মিল ছিল না।
ভিডিওর ক্যাপশনে অদিতি লিখেছেন, নিজের হারানো সত্তাকে ফিরে পেতেই আমি ২০ লাখ ডলার বিনিয়োগকারীদের ফিরিয়ে দিয়েছি। তিনি উপলব্ধি করেন, সফলতার পথে যদি নিজেকেই হারিয়ে ফেলতে হয়, তবে কাগজে-কলমের ওই সাফল্যের কোনো দাম নেই।
যান্ত্রিক জীবন ছেড়ে অদিতি এখন নিজের শর্তে জীবনকে নতুন করে সাজাচ্ছেন। সফটওয়্যার বানানোর বদলে তিনি বেছে নিয়েছেন কবিতা, পারফরম্যান্স এবং শিল্পচর্চাকে। ভিডিওতে তিনি বলেন, আমি একটি কোম্পানি দাঁড় করিয়েছিলাম ঠিকই, কিন্তু নিজের জন্য কোনো জীবন গড়তে পারিনি। তাই শূন্য থেকে আবার সব শুরু করেছি।
যারা জীবনের কঠিন সময়ে নতুন করে সবকিছু শুরু করতে চাইছেন, তাদের স্বাগত জানিয়ে অদিতি বলেন, নিজেকে বেছে নেওয়ার এই যাত্রায় আপনারা সঠিক পথেই আছেন।
কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৬,/রাত ১১:৪০