শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

এফডিসির এমডিকে অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মাসুমা রহমান তানির অপসারণের দাবি উঠেছে। বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ নামের একটি সংগঠন তাকে অপসারণ করতে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে। রোববার এফডিসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা এবং চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

সংবাদ সম্মেলনে উজ্জল বলেন, এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে, আমাদের তো কোনো আপত্তি নেই। কারণ, এটা সরকারি জায়গা। একটা লোক চাকরি করতে আসবে, সে আসতেই পারে। এখানে চাকরি করতেই পারে। কিন্তু আপনি এমন একজনকে পাঠাচ্ছেন, যিনি আমাদের চোখে অজ্ঞাতনামা আসামি, আমরা তাকে চিনি না, জানি না, আমাদের ওপর আপনারা চাপিয়ে দেবেন, সেটা হবে না। আমরা সেটা প্রতিহত করব।

এ সময় পরিচালক ও বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক বদিউল আলম বলেন, আমরা বলছি না, আমাদের পছন্দের কাউকে এফডিসির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হোক। কিন্তু যাকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হবে, তাকে অবশ্যই যোগ্যতাসম্পন্ন হতে হবে। চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মতো প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা থাকতে হবে, চলচ্চিত্র সম্পর্কে জানতে হবে। কিন্তু এই প্রতিষ্ঠানে আমরা দেখছি এখন ফ্যাসিস্ট ও আওয়ামী দোসরকে নিয়োগ দেওয়া হয়েছে। এমন সময়ে এ রকম একজনকে এফডিসির এমডি করা হয়েছে শুনে আমরা সত্যিই বিস্মিত হয়েছি। এফডিসির ক্ষতি হতে হতে আজ প্রতিষ্ঠানটি মাটির সঙ্গে মিশে গেছে। এতে প্রাণসঞ্চার করতে হলে একজন যোগ্য লোককে এর প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে। তাই আমরা সবাই এক হয়েছি।

বিএফডিসি ফটকে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরমান, অভিনয়শিল্পী এ বি এম সোহেল রশিদ, কেয়া চৌধুরী, শারমিন, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন, জয়নাল আবেদিন, শাওন আশরাফ, শফিকুল ইসলাম, কাহিনিকার ও চিত্রনাট্যকার কাসেম আলী, ফিল্ম ক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাসুমা রহমান তানিকে বিএফডিসির নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি একজন চলচ্চিত্র পরিচালক। সিনেমা নির্মাণের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন। মুক্তির অপেক্ষায় তার নির্মিত ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমা। এতে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit