স্পোর্টস ডেস্ক : ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিক আর মৌসুমে জুড বেলিংহ্যামের প্রথম গোলে ওসাসুনাকে উড়িয়ে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তার দুদিন আগেও সময়টা অবশ্য বিষাদের ছিল লস ব্লাঙ্কোদের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর এসি মিলানের কাছে ৩-১ গোলের হার। টানা দুই বাজে হারের পর অনেক ফুটবল বিশেষজ্ঞই শঙ্কা জানিয়ে বলেছিল, এভাবে ব্যর্থ হলে কোচ আনচেলত্তিকে ছাঁটাই করতে কোনো দ্বিধা করবে না রিয়াল কর্তৃপক্ষ।
কিন্তু বিশ্ব ফুটবলে যার চাহিদা তুঙ্গে, তার জন্য কি আর কাজের অভাব পড়বে? ১৯৯২ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ১০টি ক্লাবের ডাগআউট সামলেছেন আনচেলত্তি। রিয়াল ছাড়াও এসি মিলান, জুভেন্টাস, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবগুলোর ম্যানেজার ছিলেন তিনি। বিশ্বের একমাত্র কোচ হিসেবে পাঁচ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের রেকর্ড আছে কেবল তার-ই।
বয়স ৬৫ পেরোলেও এখনো তাকে পেতে উদগ্রীব হয়ে আছে অনেক ক্লাব ও জাতীয় দল। গত বছর তাকে নিজেদের ডাগআউটের দায়িত্ব দিতে কম চেষ্টা করেনি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু ইতালিয়ান ম্যানেজার বলছেন, রিয়ালের দায়িত্ব শেষে তিনি আর ফুটবলের সঙ্গে থাকতে চান না।
নিজের অবসর প্রসঙ্গে ফ্রান্স ফুটবলকে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, এটা (অবসর) নিয়ে ভেবেছি। আমি ৪৮ বছর আগে ফুটবলে যাত্রা করেছি। সুতরাং, এটার শেষ নিয়েও আমি চিন্তা করেছি। আমাকে কোন জিনিসটা থামাতে পারে? আমি বলব, যদি রিয়াল আমাকে ছাঁটাই করে। এর বাইরে জানি না কী আমাকে থামাতে পারে। আমার স্ত্রী চান, আমি চালিয়ে যাই। কিন্তু আমি নিশ্চিত, আমি অবসরে যাব যাওয়ার দিনটি চমৎকার হবে।’
ফুটবল থেকে সরে যাওয়ার পর কী করতে চান, সে সব নিয়ে সাক্ষাৎকারে কথা বলেছেন আনচেলত্তি। তিনি আর্জেন্টিনাসহ বিশ্বের অনেকগুলো দেশে ঘুরতে চান। আবার তার ছেলেও অধীনেও কাজ করতে চান। যিনি বর্তমানে রিয়ালে তার সহকারী কোচ হিসেবে কাজ করছেন।
আনচেলত্তি বলেন, ‘আমার অনেক কিছু করার ও দেখার আছে। আমি ভ্রমণ করতে চাই। আমি আর্জেন্টিনা, মালদ্বীপ, অস্ট্রেলিয়ায় যেতে চাই। আমার পাঁচ সন্তান আছে, এখানে (রিয়ালে) আমার ছেলে আছে। হয়তো আমি তার অধীনে (সহকারী) কোচ হিসেবে কাজ করব। আমি তাকে অনুসরণ করব এবং বিরক্ত করব।’তবে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের অধ্যায় শেষ করার আগে আরও কিছু অর্জন চান আনচেলত্তি। বিশেষ করে চলতি মৌসুমে শুরু হওয়া নতুন পদ্ধতির চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিততে চান তিনি।
ইতালিয়ান এ কোচ বলেন, ‘ইতি টানার আগে, আমি নতুন চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। এরপর আরও একটি। সব কোচই চায়, উপরে যেতে। কিন্তু রিয়াল মাদ্রিদে কোচিং করানো সত্যিই…এ ক্লাবটি বিশেষ, বিশ্বের সেরা ক্লাব। এটার ইতিহাস, পরিবেশ এবং সমর্থকদের জন্য।’
প্রথম মেয়াদে ২০১৩-১৪ মৌসুমে একবার রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতার পর দ্বিতীয় মেয়াদে এসে আরও জিতেছেন আরও দুবার। চলতি মৌসুমে ৪ ম্যাচ খেলে অবশ্য তেমন সুবিধাজনক অবস্থানে নেই রিয়াল। ২ জয় ও ২ হারে ৩৬ দলের মধ্যে টেবিলের ১৮তম স্থানে আছে লস ব্লাঙ্কোরা। গ্রুপপর্বের বাকি ৪ ম্যাচ পরেই জানা যাবে এবার কতদূর যেতে পারবে রিয়াল।
কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪