ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জ্বালানি তেল মাপে কম দেয়ায় মেসার্স সাহা ফিলিং স্টেশন সাময়িক বন্ধ ঘোষনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে তেল কম দেয়ার অভিযোগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে আসেন কয়েকজন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীরা ফিলিং স্টেশনে গিয়ে মাপে কম দেয়ার বিষয়টি যাচাই করে। এতে দেখা যায়, ২.২৫ লিটার জ্বালানি তেল কিনে একজন ক্রেতা ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম পাচ্ছেন।
এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলেন। এই প্রতিবেদন লেখার সময় শনিবার সকাল ১১ টায় ফিলিং স্টেশন বন্ধ ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মাপে কম দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে।
মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী জানান, জ্বালানি তেলের মজুদ শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। এমতাবস্থায় তেলের স্তর নীচে নেমে যায়। এতে পরিমাপে সামান্য তারতম্য হয়। শিক্ষার্থীরা ফিলিং স্টেশন বন্ধ রাখতে বলেছে। উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাপে কম দেয়ার অভিযোগে মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার জরিমানা করেছিল।
কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮