আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ সুইজারল্যান্ডে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা। দুই দিনের এই সম্মেলনে প্রায় ৯০ দেশ ও সংস্থার যোগ দেওয়ার কথা রয়েছে। শনিবার (১৫ জুন) থেকে শুরু হওয়া এই শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালির রাষ্ট্র ও সরকারপ্রধানরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ভারত, তুরস্ক ও হাঙ্গেরিও এতে যোগ দেবে। তবে এই সম্মেলনে রাশিয়াকে দাওয়াত দেওয়া হয়নি এবং চীন যোগ দেবে না। খবর আলজাজিরার।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জাতিসংঘবিষয়ক পরিচালক রিচার্ড গোয়ান বলেছেন, এই বৈঠকটি ইউক্রেনের কূটনীতির সীমাবদ্ধতার বিষয়টি সামনে নিয়ে এসেছে। এরপরও ইউক্রেন যে জাতিসংঘ সনদের নীতিমালা রক্ষা করছে, বিষয়টি বিশ্ববাসীকে মনে করিয়ে দেওয়ার একটি সুযোগ তাদের সামনে এসেছে।
এদিকে এই সম্মেলনে আগের দিন শুক্রবার (১৪ জুন) মস্কোয় রুশ রাষ্ট্রদূতদের এক বৈঠকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে দুটি শর্ত দেন পুতিন। রাশিয়ার অধিকৃত অঞ্চল থেকে ইউক্রনীয় সেনা প্রত্যাহার এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আলোচনা থেকে কিয়েভ সরে এলে রাশিয়া যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে বলে জানান তিনি। তবে পুতিনের এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেন ও পশ্চিমরা।
কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/বিকাল ৫:০০