স্পোর্টস ডেস্ক : রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে মায়ের অসুস্থতার কারণে দল ছাড়তে হয়েছিল অশ্বিনকে। এরপরে আর তেমন কিছুই জানা যায়নি। সম্প্রতি ভারতীয় স্পিনার ইউটিউব বিস্তারিত জানিয়েছেন।
অশ্বিন বলেছেন, ‘যখন ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছাই তখন ভেবেছিলাম স্ত্রী বা বাবার কাছ থেকে ফোন আসবে। কিন্তু সন্ধ্যার পরেও সেটি এলো না। কিছুটা অবাক হয়েছিলাম। ভেবেছিলাম তারাও হয়তো ব্যস্ত আমার মাইলফলক নিয়ে সকলের সঙ্গে কথা বলায়। তাই বেশি কিছু আর ভাবিনি। অবশেষে আমার স্ত্রীকে ফোনে পাই। কিন্তু তার কণ্ঠ স্বাভাবিক ছিল না। সে আমাকে জানাল, আমার মা প্রচণ্ড মাথাব্যথার পর জ্ঞান হারিয়েছে।’
মায়ের অসুস্থতার খবর শুনে অশ্বিনের দিশেহারা অবস্থা হয়। তখন তিনি ইংল্যান্ডের ম্যাচ নিয়েও ভাবছিলেন। তিনি বলেছেন, ‘হঠাৎ দেখি রোহিত আসছে। বুঝতে পারলাম আমার স্ত্রী তাকেও এই বিষয়টি বলেছে। রোহিত এসে বলে, ‘কী করছ? তোমাকে এখনই যেতে হবে। ব্যাগ গুছিয়ে রওনা হও।’
অশ্বিন বলেন, ‘এরপরের চ্যালেঞ্জ ছিল দ্রুত চেন্নাইয়ে ফিরতে পারব কিনা। কিন্তু চেতেশ্বর পূজারা সব ব্যবস্থা করে দিল। তাকে আমি ধন্যবাদ জানাই। সে অনেক মানুষের সঙ্গে কথা বলে আমার জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিল। আমি বিমানে উঠে দেখি আমাদের টিম ফিজিও কমলেশ সেখানে বসা। দলে ছিল মাত্র দুজন ফিজিও। তবুও রোহিত আমার জন্য একজন ফিজিওকে পাঠায়। একজন নিরাপত্তা কর্মীও দিয়েছে সে। শুধু তাই নয়, রোহিত বারবার কমলেশকে ফোন করে আমার খবর নিচ্ছিল। বিষয়টি আমাকে আবেগপ্রবন করে তুলেছে।
রোহিতকে নিয়ে অশ্বিন বলেন, ‘একজন বিশেষ মানুষ ছাড়া এমনটি করা সম্ভব না। সে আমার জন্য যা করেছে, সেজন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। এই স্বার্থপর সমাজে তার মতো এমন উদায় মনের মানুষ পাওয়া কঠিন। সে এমন একজন নেতা যার জন্য আমি মাঠে জীবনও দিয়ে দিতে পারি। আমি চাই সে আরও এগিয়ে যাক, আরও অর্জন তার খাতার যুক্ত হোক।’
কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৩:৪৪