বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনায় জনসচেতনতা সৃষ্টিতে মিডিয়ায় প্রচারণায় অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন সাংবাদিক মানসুরুল হক। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, ২০২৪ উপলক্ষে রবিবার ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
মানসুরুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ায়। তার বাবা জহিরুল হক বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ছিলেন ৩০ বছর। মানসুরুলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি। সভাপতিত্ব করেন একই মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান।
মো: মানসুরুল হক মডেলিং, নাট্যাভিনয় সহ উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পরিচিত হলেও মূলত তিনি দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত ‘উন্নয়নে বাংলাদেশ’ অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার মাধ্যমেই দর্শকপ্রিয়তা লাভ করেন। এছাড়া মানসুরুল হকের পরিকল্পনা ও উপস্থাপনায় চ্যানেল আই- তে ‘দুর্যোগ কথা’ -ও আরটিভিতে ‘দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশে’ শীর্ষক অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিয়মিতভাবে। সরকারি চাকুরিজীবী হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত মানসুর সাম্প্রতিক সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে মিডিয়ার মাধ্যমে জনসচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:০৩