আন্তর্জাতিক ডেস্ক : কনটেন্টের ‘নীতিমালা লঙ্ঘনের দায়ে’ খামেনিকে ফেসবুক-ইনস্টাগ্রামে নিষিদ্ধ করার কথা জানিয়েছে মেটা। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি। এ নিয়ে সংস্থাটির একজন মুখপাত্র এএফপিকে বলেন, আমাদের সংস্থার নীতি বারবার লঙ্ঘনের জন্য আমরা এই অ্যাকাউন্টগুলো অপসারণ করেছি।
তবে মেটার ওই মুখপাত্র এক্ষেত্রে ইসরায়েল-হামাস যুদ্ধের কথা উল্লখ করেননি। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে চাপে রয়েছে মেটা। এ যুদ্ধে হামাসের পক্ষ নিয়েছেন খামেনি। যদিও এ যুদ্ধের নিজেদের সংশ্লিষ্টতার কখা অস্বীকার করেছে ইরান।
প্রতিবেদনে বলা হয়, হামাসকে সমর্থন দিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতেও সমর্থন জানিয়েছেন খামেনি। ৩৫ বছর ধরে ইরানের ক্ষমতায় থাকা খামেনির ইনস্টাগ্রামে ৫০ লাখ ফলোয়ার ছিল। উল্লেখ্য, ইরানে ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহার নিষিদ্ধ। তবে ভিপিএনের মতো বিকল্প ব্যবস্থার মাধ্যমে দেশটির নাগরিকরা এসব সামাজিক মাধ্যম ব্যবহার করে।
কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:২৮