বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন এলাকার সোনাই নদীর পাড় থেকে মাটি কেটে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে বুধন্তী ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা মো. আবুল কাশেম এ অভিযোগ দায়ের করেছেন। বুধন্তী গ্রামের ভৈরব বাড়ির মো. মনির হোসেনসহ কয়েকজন মাটি কাটার সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহন করা হয়েছে যেটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, সাত-আটজন দুষ্কৃতিকারি ভেকু দিয়ে সোনাই নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার খবরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেখানে যাওয়া হয়। এ সময় মাটি কাটার যন্ত্র ও তিনটি ট্রাক ফেলে জড়িতরা পালিয়ে যান। বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কে অবহিত করা হয়।
কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৩৬