আন্তর্জাতিক ডেস্ক : এসিতে বিস্ফোরণের ফলে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। সেই শোক সামলাতে না পেরে নিজের জীবন শেষ করে দেন অন্য ব্যক্তির স্ত্রী। হাসপাতালের দেওয়া ভুল তথ্যের কারণেই এমন ঘটনা ঘটেছে ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরে।
এ ঘটনায় জ্যোতিরঞ্জন মল্লিক নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়, দিলীপ সামন্ত রায়ের মৃত্যু হয়েছে। এরপর জ্যোতিরঞ্জন মল্লিকের লাশ দিলীপের পরিবারকে স্থানান্তর করা হয়।
পরিবার লাশটি দাহ করে দেন। সেই শোকে দিলীপের স্ত্রী সোনা সামন্ত রায় আত্মহত্যা করেন। পরে জানা যায়, দিলীপ বেঁচে আছেন এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। দিলীপও পেশায় একজন এসি টেকনিশিয়ান।
এ ঘটনার জেরে হাসপাতালে বিক্ষোভ করেন পরিবারের সদস্যরা। সোনার মামা রবীন্দ্র জেনা বলেন, আমার পরিবার ভেঙে পড়েছে। হাসপাতালের দেওয়া মিথ্যা তথ্যের জন্য আমার ভাগ্নি আত্মহত্যা করেছে।
অন্যদিকে জ্যোতিরঞ্জনের পরিবার ভেবেছিল যে তিনি বেঁচে আছেন। ফলে তারা জ্যোতিরঞ্জনের শেষকৃত্যও করতে পারেননি। হাসপাতালের সিইও স্মিতা পাধি বলেন, আমরা ভুল করিনি।আহত রোগীদের স্বজনরা তাদের হাসপাতালে দেখেছেন। পুলিশ যখন মৃতদেহ আত্মীয়দের কাছে হস্তান্তর করে তখন পরিবারের কেউ জানায়নি যে মৃতদেহ দিলীপের নয়।
কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪৪